প্যান-ইন্ডিয়া বক্স অফিসে এই মুহূর্তে সুনামি এনেছে দক্ষিণী তারকা রাম চরণ-এর নতুন অ্যাকশন-ড্রামা ছবি ‘পেড্ডি’। একের পর এক রেকর্ড ভেঙে সিনেমাটি যখন রমরমিয়ে ব্যবসা করছে, তখন ছবির টিম জুড়েই চলছে ব্লকব্লাস্টার সাফল্যের উদযাপন। কিন্তু এই উৎসবের মাঝেই এক চরম বিতর্ক ও ধোঁয়াশা তৈরি হল টিনসেল টাউনে। গত সোমবার (৮ জুন) হায়দরাবাদে আয়োজিত ছবির গ্র্যান্ড ‘সাকসেস মিট’-এ দেখা মিলল না ছবির প্রধান নায়িকা জাহ্নবী কাপুর-এর! আর ওঁর এই অনুপস্থিতিই এখন নেটপাড়ার সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ছবি মুক্তির পর থেকেই জাহ্নবীর বেশ কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই এই মেগা সাকসেস মিট বয়কট করলেন শ্রীদেবী-কন্যা। অনুষ্ঠানে রাম চরণ, পরিচালক বুচি বাবু সানা এবং বর্ষীয়ান অভিনেতা জগপতি বাবু সহ ছবির পুরো টিম উপস্থিত থাকলেও, জাহ্নবীর অনুপস্থিতি এক ধাক্কায় যেন ছবির অন্দরের ফাটলকে প্রকাশ্যে এনে দিল।
বিতর্কের সূত্রপাত ‘পেড্ডি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার পরপরই। ছবির বেশ কিছু দৃশ্যে জাহ্নবীর চরিত্রটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে তীব্র অস্বস্তি প্রকাশ করেন দর্শকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের দাবি— একটি ভাল গল্পের সিনেমায় জাহ্নবীর মতো শক্তিশালী অভিনেত্রীকে স্রেফ ‘গ্ল্যামার এলিমেন্ট’ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ওঁর চরিত্রটিকে ভীষণভাবে অবজেক্টিফাই করা হয়েছে, যা অত্যন্ত দৃষ্টিকটু।
বিতর্ক আরও বাড়ে যখন সিনেমা জগতে নারীদের সম্মান ও অধিকার নিয়ে অতীতে জাহ্নবীর করা কিছু পুরনো মন্তব্য নতুন করে নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করে। নেটিজেনরা প্রশ্ন তোলেন— যে জাহ্নবী পর্দায় নারীদের অবমাননার বিরুদ্ধে কথা বলেন, তিনি নিজে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি হলেন কীভাবে?
টানা কয়েকদিন ধরে তীব্র ট্রোলিং ও প্রতিবাদের মুখে পড়ে অবশেষে মাথা নোয়াতে বাধ্য হন ছবির পরিচালক বুচি বাবু সানা। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য ক্ষমা চেয়ে দর্শকদের উদ্বেগকে স্বীকৃতি দেন এবং স্পষ্ট জানান যে, বিতর্কিত দৃশ্যগুলি সিনেমা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে।
এই বিষয়ে একটি বিনোদন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, “আমার মনে হয়, একটা চমৎকার গল্পের মধ্যে জাহ্নবীর ট্র্যাকটিকে অনেকেই অপ্রয়োজনীয় হিসেবে ভুল ব্যাখ্যা করেছেন। আসলে এই ছবিতে আমি একটু উগ্র বা র্যািডিকাল পথ বেছে নিয়েছিলাম, কারণ ছবির মূল চরিত্র ‘পেড্ডি’ পাহাড়ের এক প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। আমি ওঁর ভেতরের সেই অসভ্যতা ও জান্তব স্বভাবটা দেখাতে চেয়েছিলাম, যা ছবির শেষে গিয়ে শুধরে যায়। ওঁর বেড়ে ওঠা এবং পারিপার্শ্বিক পরিবেশের কারণেই ও এমন একটা চরিত্র, যে মনে করে যাকে সে ভালবাসে তাকে জোর করে হলেও বিয়ে করতে হবে।”
হায়দরাবাদের এই সাকসেস মিটে যখন হাজার হাজার অনুরাগী রাম চরণকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছিলেন, তখন মঞ্চে দাঁড়িয়ে রাম চরণ সবাইকে ধন্যবাদ জানালেও পুরো বক্তৃতায় একবারের জন্যও জাহ্নবী কাপুরের নাম উচ্চারণ করেননি! যা ওঁর অনুপস্থিতির জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে এই নিয়ে দক্ষিণী তারকারা বা ছবির প্রযোজকেরা মুখে কুলুপ এঁটেছেন।
অন্যদিকে, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা জগপতি বাবু মঞ্চে এসে এক হাত নিয়েছেন সমালোচকদের। সরাসরি বিতর্কের কথা উল্লেখ না করলেও তিনি অত্যন্ত কটাক্ষের সুরে বলেন, “আমি তাঁদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা ‘পেড্ডি’ সিনেমাটিকে অত্যন্ত খারাপ রিভিউ দিয়েছিলেন!” ওঁর এই মন্তব্যটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন আরও উসকে দিয়েছে।
উলেখ্য, ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে দেশের প্রতিটি বড় শহরে চষে বেড়িয়েছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু ছবি জনপ্রিয় হতেই এবং বিতর্ক দানা বাঁধতেই যেভাবে তিনি নিজেকে গুটিয়ে নিলেন এবং সাকসেস মিট এড়িয়ে গেলেন, তাতে স্পষ্ট— পরিচালকের ‘কাঁচি চালানো’র সিদ্ধান্ত এবং ছবির ভেতরে ওঁর চরিত্রের এই অবমাননা একেবারেই ভাল চোখে নেননি কাপুর-কন্যা।















