ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী পায়েল দেব। ছোটপর্দার অত্যন্ত পছন্দের অভিনেত্রী বেশ কিছু বছর ধরে কাজ পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করেও পছন্দমত চরিত্র পাচ্ছেন না। সেরকমভাবে ভাল কাজের প্রস্তাবও আসছে না তাঁর কাছে। অনেকেই ভাবেন বিয়ের পর কী অভিনয় ছেড়ে দিলেন পায়েল? শুধুই কি সংসার করতে চান তিনি? সংসার এবং অভিনয় দুইই একসঙ্গে গুছিয়ে করার কথা ভেবেছিলেন পায়েল দেব। প্রায় তিন বছর ধরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। নিজের ক্ষোভের কথা আজকাল ডট ইন-কে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার এল সুখবর। ছোটপর্দায় ফিরছেন পায়েল। 

বিরতি কাটিয়ে আবারও নতুন চরিত্রে ধরা দেবেন তিনি। তাঁকে দেখা যেতে চলেছে জি বাংলার আসন্ন ধারাবাহিক 'দুলারী'তে। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে দেখা যাবে এই ধারাবাহিককে। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। নাম প্রকাশের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের রাস্তায় একটা বাস দাঁড়িয়ে। ধূ ধূ প্রান্তরে যেন কেউ অপেক্ষায় আছে দিনের সেই শেষ বাসটার।

ধারাবাহিকের নাম ঘোষণা হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন মেগার নায়ক-নায়িকা কারা হচ্ছেন? সূত্রের খবর, 'দুলারী' হিসেবে পর্দায় দেখা যাবে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে। আর জানা যাচ্ছে, দেবপ্রিয়ার বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েলকে। জানা যাচ্ছে, চলছে শুটিং। আর কিছুদিনের মধ্যেই প্রোমো সম্প্রচারিত হবে। 

শেষবার জি বাংলার 'রাঙা বউ' ধারাবাহিকে দর্শক দেখেছিলেন পায়েলকে। এরপর যদিও 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। এবার একেবারে নতুন অবতারে 'দুলারী'তে দেখা যাবে অভিনেত্রীকে।