জি বাংলার 'পরিণীতা'য় আসছে বিরাট চমক। দোটানায় পড়ে হিমশিম খাবে পারুল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, শিরিনকে সৌমিত্র অর্থাৎ তার বাবা ধমক দিয়ে বলছে, পারুল তার নিজের বোন হলেও সে শিরিনের মতো এত খারাপ নয়। সে তার পালিত বাবা-মা বাসুদেব-তপতীকে ভুলে যায়নি। বাবার মুখে পারুলের প্রশংসা শুনে রেগে আগুন হয়ে যায় শিরিন।
সে বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে বলে, সে প্রমাণ করে দেবে পারুল তার থেকেও খারাপ ও লোভী। শিরিন এরপর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। শিরিন সৌমিত্র ও বাসুদেবের ঘরের বাইরে বোমা ফিট করে দেয়। আর মাঝরাতে পারুলকে ঘুমন্ত অবস্থায় ডেকে তোলে। বলে, পারুলের জন্মদাতা বাবা ও পালিত বাবা দু'জনের ঘরের সামনেই বোমা রাখা। যেকোনও একটা বোমা বিস্ফোরণ যদি সে করে, তাহলেই নিজে প্রাণে বাঁচবে। শিরিনের কথায় ধর্মসঙ্কটে পড়ে পারুল।
কিন্তু ভয়ে পিছিয়ে আসে না সে। কিন্তু ভাবতে থাকে দুই বাবাকে কীভাবে এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করবে? শিরিনের এই মোক্ষম চালে কী হতে চলেছে? পারুল কি পারবে সব দিক সামাল দিতে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
প্রসঙ্গত, পারুল ও শিরিন যে দুই বোন সে কথা আগে জানতে পারে শিরিন। তাই সে কিছুতেই পারুলকে সহ্য করতে পারে না। এদিকে, কিছুদিন আগেই 'পরিণীতা'র গল্পে এসেছিল আরও এক নতুন টুইস্ট। দেখা গিয়েছিল, পারুল অন্তঃসত্ত্বা। কিন্তু সে কিছুতেই রায়ানকে তার সন্তানের বাবার অধিকার দিতে নারাজ। এই নিয়ে ফের অশান্তি তৈরি হয় তাদের মধ্যে। সেই অশান্তি আবার আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু পারুলের বিপদে তার হাত ছেড়ে চলে যায় না রায়ান। কবে মিল হবে তাদের? এই প্রশ্ন বারবার ফিরে আসে দর্শকের মনে।
















