বিরাট চমক আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'য়। কিছুদিন আগেই গল্পে দেখানো রুক্মিণীর জীবনে মনের মানুষ এসেছে। রায়ানের দিদি রুক্মিণী ওরফে রুকু। তার বিয়ে হয়েছিল পারুলের দাদা গোপালের সঙ্গে। কিন্তু ক'দিন আগেই গল্পে গোপালের মৃত্যু দেখানো হয়। রুকুর জীবনে হঠাৎ এই ধাক্কা যেন দর্শকের মনে এসেও লেগেছিল।

গোপাল মারা যেতে একাই ছিল রুকু‌। পরিবারের সবাই যতটা সম্ভব তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু এই শোক কি ভোলা যায় সহজে? তাই রুকু মুখে কিছু না বললেও মন যে তার খারাপ, তা বোঝাই যেত। আনন্দ-অনুষ্ঠান থেকে নিজেকে মাঝেমধ্যেই আড়াল করে রাখত সে। তবে এবার তার জীবনে এসেছে নতুন কেউ। যে এসে রুকুকে ভালবাসার নতুন অধ্যায় শিখিয়েছে। তার সঙ্গেই আবার বিয়ের পিড়িতে বসেছিল রুকু। কিন্তু গল্পে এবার আসতে চলেছে বিরাট মোড়!

ফিরে আসবে গোপাল! ইতিমধ্যেই সমাজমাধ্যমে গোপাল ওরফে অভিনেতা দ্রোণ মুখার্জি 'পরিণীতা'য় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তেমনই ইঙ্গিত আজকাল ডট ইন-কে দিয়েছেন ধারাবাহিকের পরিচালক কৃষ বসুও। কিন্তু মৃত মানুষ কীভাবে ফিরে আসবে গল্পে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? অপেক্ষায় আছেন দর্শক। 

ইতিমধ্যেই দ্রোণের পোস্ট ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে, এতদিন 'পরিণীতা'য় তাকে না দেখতে পেয়ে খুব কষ্ট পেয়েছেন। কেউ আবার লিখেছেন, রুকু ও গোপালের জুটিকে তারা এতদিন খুব মিস করেছেন। শেষমেশ কীভাবে ধারাবাহিকে ফেরে গোপালের চরিত্রটা এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।