মা হতে চলেছে পারুল। সে খবর তো আগেই এসেছিল। কিন্তু এর মাঝেই তার জীবনে আসছে বিরাট ঝড়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রুকু ও পারুল গাড়ি করে সন্ধেবেলা ডাক্তারের কাছে চেকআপ করতে যাচ্ছে। রুকু পারুলকে বলে, রায়ান বারবার করে বলে দিয়েছে সে যেন চেকআপ করিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে।
রুকু আর পারুল নিজেদের মধ্যে গল্প করতে করতে খেয়াল করে না তারা গন্তব্য থেকে অন্যদিকে চলে এসেছে। একটু সন্দেহ হতেই গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। সে তাদের মুখে একটা স্প্রে করে দেয়, যার ফলে পারুল ও রুকু অজ্ঞান হয়ে যায়। আর তারপরেই দেখা যায়, ড্রাইভারের ছদ্মবেশে আসলে সংযুক্তা। সে ফের ষড়যন্ত্র করে পারুলকে বিপদে ফেলার জন্য।
যখন রুকু ও পারুলের জ্ঞান ফেরে তখন তারা দেখে, একটা ঘরে শুয়ে আছে। আর তাদের ঘিরে রেখেছে কয়েকজন গুণ্ডা। তারা পারুল ও রুকুকে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, বাইরে কাস্টমারদের সামনে নাচ করতে হবে! এই কথা শুনে পারুল ও রুকু দু'জনেই ভয় পায়। ভাবতে থাকে, এই বিপদের হাত থেকে কীভাবে উদ্ধার হবে তারা? এর মধ্যেই তারা দেখতে পায় সবার চোখে ধুলো দিয়ে মেয়ে সেজে ওই ডান্স বারে এসেছে রায়ান। বিপদের আঁচ পেয়ে আর চুপ করে বসে থাকতে পারেনি সে। তাই দিদি ও স্ত্রীকে বাঁচাতে চলে এসেছে। রায়ান কি পারবে রুকু ও পারুলকে সংযুক্তার জাল থেকে উদ্ধার করতে? নাকি সে-ও জড়িয়ে পড়বে এই মরণ ফাঁদে? উত্তরের অপেক্ষায় দর্শক।
















