পরমব্রত চ্যাটার্জির পরিচালনায় মুক্তি পেয়েছে 'আবার হাওয়া বদল'। কমেডি ছবি 'হাওয়া বদল'-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে আবারও পরমব্রত ও রুদ্রনীল ঘোষ। এছাড়াও রয়েছেন রাইমা সেন। এই ছবির নতুন সংযোজন হিসেবে রয়েছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। গত শুক্রবার ছিল ছবির প্রিমিয়ার। ছবির তারকারা উপস্থিত ছিলেন এদিন। ছিলেন পরমব্রত-রুদ্রনীলও। 

কিন্তু একসঙ্গে প্রিমিয়ারে এসেও একফ্রেমে ধরা দিলেন না দু'জন। বাংলার রাজনীতিতে পালাবদলের ফলে নাকি চিড় ধরেছে 'আবার হাওয়া বদল' জুটির বন্ধুত্বেও। এদিন যেন একপ্রকার দু'জন দু'জনকে এড়িয়ে চলছিলেন পরমব্রত-রুদ্রনীল। 

গুঞ্জন, টেকনিশিয়ান স্টুডিওতে বিধায়ক-অভিনেতা রুদ্রনীলের একটি বৈঠকে পরিচালক ও প্রযোজক গিল্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরমব্রত। সেখানে পরমব্রতের বক্তব্য নাকি রুদ্রনীলের রাজনীতির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করেছিল। আর সেই জেরেই দু'জনের বন্ধুত্বে চিড় ধরেছে। আর সেই প্রভাব এখন স্পষ্ট চোখে পড়ছে 'আবার হাওয়া বদল'-এর প্রচারে। 

প্রসঙ্গত, রাজনীতিতে আসার মাস দুয়েকের মধ্যেই পদ থেকে ইস্তফা! এই নিয়ে এখন তোলপাড় টলিউড। কোয়েলকে নিয়ে নানা মন্তব্য উঠে আসছে সমাজমাধ্যমেও। এবার এই বিষয়ে কথা বললেন বিজেপির রুদ্রনীল ঘোষ। শুক্রবার 'আবার হাওয়া বদল'-এর প্রচারে রুদ্রনীল সংবাদমাধ্যমে কোয়েলের ইস্তফা নিয়ে মন্তব্য করেন।

তাঁর কথায়, "আমার বা আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই। সবার প্রিয় কোয়েল মল্লিক যে ঠিক ছিলেন, হয়তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করলেন। তিনি প্রাপ্তবয়স্কা মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তাঁর সিদ্ধান্ত, বিবেচনার উপরে সম্মানবোধ আছে।"