একসময় ছোটপর্দায় জনপ্রিয় রিয়ালিটি শো ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালনা করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। ইদানীং পর্দায় তাঁকে দেখা না গেলেও সমাজমাধ্যমের পাতায় বহাল তবিয়তে দেখা যায় শিল্পীকে। সোজা কথায়, দীর্ঘদিন পর্দায় খুব একটা দেখা না গেলেও সমাজমাধ্যমে সক্রিয় উপস্থিতিই এখন তাঁকে বারবার শিরোনামে নিয়ে আসে। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য, পোস্ট করেন তিনি। সেসবের বিষয় কখনও বাংলা ওয়েব সিরিজ অথবা শহর কলকাতা। এবারেই যেমন কলকাতা শহরে কাজ করতে আসা ঠিক গৃহ পরিচারিকাদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি!  সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট নিয়ে রীতিমতো ঝড় বয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে দেখা গেল, নেটপাড়ার একটা অংশ সহমত পোষণ করেছেন পরমার সঙ্গে। আবার বিরুদ্ধ মতও রেখেছেন অনেকে। 

তা নিজের পোস্টে ঠিক কী লিখেছেন কণ্ঠশিল্পী? 

“কলকাতায় আজকাল গৃহসহায়িকা হয়ে যারা কাজ করতে আসেন, বলতে বাধ্য হচ্ছি,তাদের বেশিরভাগই দাগি ও অভিজ্ঞ চোর।স্মার্ট ফোন আছে প্রত্যেকের।সর্বক্ষণ ভিডিও কল এ ব্যস্ত। কাজ করতে বললেই অনিহা।বয়স্ক মা বাবার দেখা শোনা করতে এসে সর্বস্বান্ত করে দিয়ে চলে গেছে এরকম অনেকগুলি ঘটনা শুনলাম। আমার নিজের বাড়িতেও হয়েছে।প্যাটার্নটা একইরকম...ক্রিমিনালদের একটা বড় অংশ মহিলা। 
হ্যাঁ, নিজে মেয়ে হয়ে বলতে লজ্জা করছে,কিন্তু এটাই সত্যি। আর আইনও তাদের পক্ষ নিচ্ছে। এদিকে হাতেনাতে ধরা পড়লেই ভিকটিম কার্ডটাও চালিয়ে খেলছে এরা...” 

 

এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সমাজমাধ্যমের পাতায় বিতর্কিত মন্তব্য করেছেন পরমা। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ‘হইচই’-এ মুক্তি পেয়েছিল মিমি চক্রবর্তী অভিনীত 'ডাইনি' ওয়েব সিরিজটি। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজ দেখেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটূক্তির ভাষা নিয়ে আবার বাংলা বিনোদুনিয়ায় শোরগোল পড়ে যায়। ‘ডাইনি’কে কটাক্ষ করে ‘যাত্রা টাইপ’ বলেছিলেন। অবশ্য পরমার বিরুদ্ধে তারপরেই পাল্টা সুর ছড়িয়ে ছিলেন বর্তমান যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “যাত্রা মায়ের প্রচুর সন্তান আছেন যাঁরা মায়ের এই অপমান মেনে নেন না। ভবিষ্যতে সাবধানে কলম চালাবেন।জীবনের অধিকাংশ সময়টা ঠান্ডা ঘরে কাটিয়ে দেওয়া মানুষ আপনি। আপনি যাত্রার কী বোঝেন? যাত্রার কষ্টের ব্যাপারে কী জানেন? হিম্মত আছে, ৩ ঘণ্টা শুকনো কাঠের স্টেজের উপর অভিনয় করে খোলা আকাশের নিচে, ভিজে মাটিতে, ধানের গোঁজের উপর শুধু গান না, অভিনয়ের সঙ্গে নাচ-গান করে দর্শক বসিয়ে রাখার? তাই ভেবে কলম ধরুন।”

 

 

&t=313s

সেই রেশ টেনে পরমার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। সমাজমাধ্যমে লিখেছিলেন, “...আপনার থেকে এমন আচরণ কাম্য নয়। নিজেকে শিল্পী বলার আগে, অন্য শিল্পকে শ্রদ্ধা করুন।”