বলিউডে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র প্রযোজক এবং কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (CBFC)-এর প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন এবং গত চার মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার, ৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ পহলাজ নিহালানি শুধু একজন সফল প্রযোজকই ছিলেন না, তিনি ভারতীয় সিনেমার সেন্সর ব্যবস্থার অন্যতম বিতর্কিত এবং আলোচিত ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি CBFC-র চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। তাঁর আমলে একাধিক ছবির সেন্সর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
নিহালানি চলচ্চিত্র প্রযোজক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি মূলধারার বাণিজ্যিক সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। বাণিজ্যিক বিনোদনমূলক চলচ্চিত্রে তাঁর অবদান রেখেছেন। পরবর্তীতে, সিবিএফসি-র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন৷ সেই সময় চলচ্চিত্র সার্টিফিকেশনের বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ করেছিলেন৷
সিনেমায় নগ্নতা নিয়ে তিনি আপত্তি তোলেন। সিনেমায় যথেচ্ছ নগ্ন দৃশ্যের অভিনয় বা যৌনগন্ধী সিনেমাকে তিনি বাদ দিতে চেয়েছিলেন৷ এমনকি সানি লিওনির অভিনয় নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন।
নিহালানি চলচ্চিত্রে সাহসী বা খোলামেলা বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার প্রকাশ্য বিরোধিতা করেছিলেন এবং সানি লিওনের মতো অভিনেতাদের মূলধারার সিনেমায় অভিনয় করার সমালোচনা করেছিলেন। তার কার্যকালে 'ওমকারা' এবং 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর মতো চলচ্চিত্রে কাটছাঁটের দাবি নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের সাথে তার সংঘাতও হয়েছিল, কারণ তার মতে এই চলচ্চিত্রগুলিতে হিংসা ছড়ানোর প্রবণতা ছল এবং বেশ কিছু দৃশ্য নিয়েও আপত্তি তুলেছিলেন।
তাঁর সিদ্ধান্তে সিনেমার সৃজনশীল স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এই মর্মে বিতর্ক হয়েছিল৷ সেন্সরশিপের নামে সিনেমার স্বাধীনতা খর্ব করা কতটা যুক্তিযুক্ত সেই বিষয় প্রশ্ন উঠেছিল৷
প্রযোজক হিসাবে তাঁর কেরিয়ার ছিল দীর্ঘ এবং সফল। ‘ইলজাম’, ‘আঁখেঁ’, ‘আন্দাজ’, ‘তলাশ’-সহ একাধিক বাণিজ্যিক ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বলিউডে গোবিন্দার কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। পরবর্তীকালে দু’জনের সম্পর্কের অবনতি হলেও, একসময় তাঁদের জুটি ছিল অত্যন্ত সফল।
মাত্র কয়েক সপ্তাহ আগেও চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে মতামত দিতে দেখা গিয়েছিল পহলাজ নিহালানিকে। অভিনেতাদের বাড়তে থাকা খরচ এবং ইন্ডাস্ট্রির পরিবর্তিত সংস্কৃতি নিয়ে তিনি সরব হয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের বহু সদস্য। বৃহস্পতিবার বিকেল ৩টায় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
















