অস্কার অর্থাৎ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম অনুষ্ঠানকে লক্ষ্য রেখে নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রায় ১০০ বছরের ইতিহাসে অন্যতম বড় এই রুলস চেঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে অভিনয় এবং আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আসর অস্কারের ৯৯তম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ মার্চ, ২০২৭ সালে। আসন্ন এই আসরকে সামনে রেখে সম্প্রতি অ্যাকাডেমি তাদের নিয়মকানুন ও যোগ্যতার মানদণ্ডে বেশ কিছু বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও বৈশ্বিক সিনেমার কথা মাথায় রেখে এই পরিমার্জন করা হয়েছে।

অস্কার ২০২৭-এর নিয়ম পরিবর্তনের তালিকা

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনও অভিনয় বা পারফরম্যান্স অস্কারের জন্য বিবেচিত হবে না। শুধুমাত্র মানব অভিনয়শিল্পীর স্বাভাবিক অভিনয়, যা তাদের সম্মতি ও প্রপার অন-স্ক্রিন ক্রেডিটসহ প্রদর্শিত হবে, তা-ই কেবল যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া এআই-এর ব্যবহারের ক্ষেত্রে অ্যাকাডেমি চাইলে নির্মাতাদের কাছে অতিরিক্ত তথ্য ও প্রমাণ চাইতে পারবে।

অভিনয় বিভাগে একাধিক মনোনয়ন:

আগের নিয়ম অনুযায়ী, কোনও অভিনেতা বা অভিনেত্রী একই ক্যাটাগরিতে (লিড বা সাপোর্টিং) একাধিক চরিত্রের জন্য বিবেচিত হলে কেবল সর্বোচ্চ ভোট পাওয়া চরিত্রটিকে মনোনয়ন দেওয়া হতো। তবে এখন থেকে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। শীর্ষ পাঁচ ভোট-প্রাপ্তির তালিকায় থাকলে একই অভিনয়শিল্পী একই ক্যাটাগরিতে একাধিক মনোনয়নও পেতে পারেন।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বড় সংস্কার:

আগে প্রতিটি দেশ থেকে কেবল একটি চলচ্চিত্র অস্কারের জন্য জমা দেওয়া যেত। কিন্তু এখন থেকে কোনও চলচ্চিত্র যদি বার্লিন, কান, ভেনিস, সানড্যান্স, টরন্টো বা বুসানের মতো বড় কোনও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে শীর্ষ পুরস্কার জেতে, তবে তা সরাসরি আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে যোগ্য বলে বিবেচিত হবে।

সবচেয়ে বড় পরিবর্তন হল, এই বিভাগে পুরস্কারটি শুধু দেশকে নয়, বরং আনুষ্ঠানিকভাবে পরিচালককে প্রদান করা হবে এবং তা পরিচালকের ব্যক্তিগত অস্কার তালিকায় যুক্ত হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন:

কাস্টিং: কাস্টিং ডিরেক্টরদের জন্য পুরস্কারের সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করা হয়েছে।

সিনেমাটোগ্রাফি: প্রাথমিক শর্টলিস্টে চলচ্চিত্রের সংখ্যা ২০টিতে নামিয়ে আনা হয়েছে।

সঙ্গীত ও কলাকৌশল: অরিজিনাল সং-এর ক্ষেত্রে অ্যান্ড-ক্রেডিট গানে অংশ নেওয়ার নির্দিষ্ট নিয়ম ও ভিজ্যুয়াল এফেক্টস ভোটারদের জন্য 'বিফোর অ্যান্ড আফটার' রিল দেখার বাধ্যবাধকতা আনা হয়েছে।

লেখা: শুধুমাত্র মানুষের লেখা চিত্রনাট্যই এই বিভাগে বিবেচিত হবে।

 

এক নজরে নিয়মের পরিবর্তন: 


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) : কোনও সুনির্দিষ্ট বাধ্যবাধকতা ছিল না।    তবে এবার থেকে এআই-নিয়ন্ত্রিত অভিনয় সম্পূর্ণ নিষিদ্ধ। 


অভিনয় মনোনয়ন : সর্বোচ্চ র্যাং:ক পাওয়া একটিমাত্র চরিত্র মনোনীত হত। এবার থেকে শীর্ষ পাঁচে থাকলে একই বিভাগে একাধিক মনোনয়ন পাওয়া সম্ভব।


আন্তর্জাতিক ছবি জমা: শুধু সংশ্লিষ্ট দেশ থেকে একটিমাত্র ছবি পাঠানো যেত। তবে এবার আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বিজয়ী হলেও সরাসরি যোগ্যতা অর্জন করবে।