সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কি বড়পর্দার তারকার মতোই? এই ইনফ্লুয়েন্সাররা-ই কি আগামীর রুপোলি পর্দার ভবিষ্যৎ? এই বহুচর্চিত বিতর্কে এবার সরাসরি ঘি ঢাললেন অস্কারজয়ী হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র। 'আয়রন ম্যান'-এর স্পষ্ট কথা—যারা কেবল মোবাইলের ক্যামেরা নিজেদের দিকে ঘুরিয়ে জনপ্রিয়তাকে পুঁজি করে তারকা হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের ‘ভবিষ্যতের তারকা’ বলাটা আদতে ‘আজেবাজে কথা’ ছাড়া আর কিছুই নয়।
সম্প্রতি ‘কনভারসেশনস ফর আওয়ার ডটার্স’ পডকাস্টে উপস্থিত হয়ে ইনফ্লুয়েন্সার কালচার নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন অস্কারজয়ী এই তারকা। রবার্ট ডাউনি জুনিয়রের মতে, আজকাল মানুষ খুব সামান্য কিছু করেই তারকা হয়ে যাচ্ছেন। বিষয়টিকে তিনি সরাসরি নেতিবাচক না বললেও বর্তমান প্রজন্মের কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তাঁর আশা, তরুণ সমাজ কেবল ক্যামেরার সামনে সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে গঠনমূলক কিছু করা, নিজেকে শিক্ষিত করা বা নতুন কিছু তৈরির দিকে মনোনিবেশ করবে।
ইনফ্লুয়েন্সারদের নিয়ে চলা জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “যখন শুনি মানুষ বলছে আগামীর সব তারকারা হবে ইনফ্লুয়েন্সার, আমি অবাক হয়ে ভাবি তারা কোন জগতে বাস করছে! আমার কাছে এটা পুরোপুরি আজেবাজে কথা। ঠিক ততটাই আজেবাজে যতটা ঘোড়ার মল!”
মজার বিষয় হল, ডাউনি জুনিয়র নিজেও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রভাবশালী। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা প্রায় ৫৮.১ মিলিয়নেরও বেশি। তবে তিনি মনে করেন, ফ্যানদের সাথে সরাসরি সংযোগ রাখা ভাল হলেও নিজের জীবনকে ইন্টারনেটে সঁপে দেওয়া বিপজ্জনক। এমনকী নিজের জনপ্রিয়তা ধরে রাখতেও কৃত্রিমভাবে লাইফস্টাইল প্রদর্শন বা ‘ম্যানুফ্যাকচারড কন্টেন্ট’-এ তাঁর ঘোর অনীহা। তিনি সাফ জানিয়েছেন, ওসব ‘খরগোশের গর্তে’ ঢুকে তিনি নিজেকে বিলীন করে দিতে চান না।
পেশাগত জীবনে অবশ্য ডাউনি জুনিয়র এখন এক বিশাল মোড় পরিবর্তনের অপেক্ষায়। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরছেন তিনি, তবে ‘আয়রন ম্যান’ হিসেবে নয়। এবার তাঁকে দেখা যাবে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভিলেন ‘ডক্টর ডুম’ বা ভিক্টর ভন ডুম হিসেবে। রুসো ব্রাদার্সের পরিচালনায় ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে এই নতুন অবতারে আত্মপ্রকাশ করবেন তিনি।
২০২৪ সালের কমিক-কন-এ এই ঘোষণাটি সারা বিশ্বের ভক্তদের চমকে দিয়েছিল। থ্যানোসের পর এবার ডাউনি জুনিয়রের ‘ডক্টর ডুম’ মাল্টিভার্সের জন্য কত বড় হুমকি হয়ে দাঁড়ায়, তা দেখার জন্য মুখিয়ে আছে সবাই। আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই মেগা প্রজেক্টটি, যা একই দিনে ওয়ার্নার ব্রাদার্সের ‘ডিউন ৩’-এর সঙ্গে বক্স অফিসে টক্কর দেবে। শিল্পের লড়াই বনাম সোশ্যাল মিডিয়া গ্ল্যামার, রবার্ট ডাউনি জুনিয়রের এই বক্তব্য যেন সেই সংঘাতকেই আরও উসকে দিল।















