নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি 'বহুরূপী'র প্রথম ঝলক ও প্রধান চরিত্রদের লুক। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির সেই প্রথম ঝলক থেকেই ইঙ্গিত মিলেছিল অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির টাটকা স্বাদ। শিবপ্রসাদ থেকে আবির, কৌশানি থেকে ঋতাভরী- ছবির প্রতিটি মুখ্য চরিত্রের অন্যরকম লুক দেখে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। এবার মুক্তি পেল ছবির টিজার। 

 

চড়া মেজাজ, 'রাফ অ্যান্ড‌‌ টাফ' পুলিশ অফিসার 'এসআই সুমন্ত ঘোষাল'-এর ভূমিকায় আবির চট্টোপাধ্যায়ের তাকানো থেকে বন্দুক তাক করার মেজাজ নজর কেড়েছে দর্শকের। একাধিক 'চেজিং সিন্'-এ অপরাধীদের ধাওয়া করে দৃপ্তভঙ্গিতে আবিরের দৌড় বহুদিন মনে থাকবে দর্শকের। অন্যদিকে, ধারালো দৃষ্টিতে চারপাশ জরিপ করে চলা 'বাংলার সবথেকে বড় ব্যাঙ্ক ডাকাত' শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গুঁফো উকিল থেকে ছৌ শিল্পী-ছবিতে যে একাধিক রূপে 'বিক্রম' শিবপ্রসাদকে দেখতে চলেছেন দর্শক সে আভাসও মিলেছে টিজারে। ওদিকে বন্দুক হাতে 'রাফ অ্যান্ড‌‌ টাফ' পুলিশ অফিসাররূপী আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যে তাঁর জমাটি অ্যাকশন পর্ব রয়েছে ছবির এই প্রথম ঝলকে তার হদিস স্পষ্ট। মূলত এই দুই চরিত্রকে কেন্দ্র করেই বোনা হয়েছে ছবির গল্প। তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।

 

টিজারে মাদলের সুরের সঙ্গে জলদমন্দ্র স্বরে ভেসে আসছে আবিরের সংলাপ -"আমি বিশ্বাস করি না পরজন্মে। তোমার পাপের শাস্তি তোমাকে এই জন্মেই দিয়ে যেতে হবে..." টিজারের পরতে পরতে থ্রিল যেমন রয়েছে তেমন এক আধবার চলকে উঠেছে রোম্যান্সের ঝলক। যদিও শেষে রহস্য উজিয়ে রেখে 'বিক্রম'কে পুলিশ অফিসার 'এসআই সুমন্ত ঘোষাল'-এর উদ্দেশে বলতে শোনা যাচ্ছে -"আসল বহুরূপী তো আপনি..." দর্শককে চমকে দিয়ে জবাবে ভেসে আসে আবিরের সমর্থন জানানো হাসি। তাহলে কে এই গল্পের 'নায়ক' আর কারই বা 'ধূসর' ভূমিকা? ধাঁধার সমাধান থেকে যায় অধরা। চোর-পুলিশের খেলায় এই দু'জনের কার হবে জিৎ, কেই বা হবেন নাকাল তা নিয়ে এগোবে 'বহুরূপী'।

 

দুর্গাপুজোর আবহে আগামী ৮ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি।