কিছুদিন আগেই দেখা গিয়েছিল কাঠগড়ায় বাণী। এবার মোড় ঘোরানো পর্ব আসছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'য়। দেখা যাবে ফাঁসির সাজা হচ্ছে বাণীর। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন এই প্রোমো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। দেখা যাচ্ছে, সমস্ত সাক্ষী ও প্রমাণ বাণীর বিরুদ্ধে। আদালত তাই তাকে ফাঁসির রায় শোনাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে কিছুই করার নেই অনিরুদ্ধর। ছোট্ট তানিয়াও অসহায়ের মতো তাকিয়ে থাকে বাবা-মার দিকে।
বাণীকে কি বাঁচাতে পারবে অনিরুদ্ধ? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক। গত সপ্তাহে টিআরপিতে পুনরায় চমক দেখিয়ে সেরা পাঁচে উঠে এসেছে এই মেগা। গল্প যে টানটান অবস্থায় রয়েছে সেটা স্পষ্ট। এবার তাতে আসছে নতুন চমক।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল বাণীকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তার উপর বাবাকে খুন করার অভিযোগ। যদিও বাণী জানে না, মৌলির বাবাই আসলে তার বাবা। পুলিশ যখন মৌলির বাবাকে খুন করার অভিযোগে তাকে ধরে নিয়ে যাচ্ছে বাণী জানায় সে এই খুন করেনি। তাকে ফাঁসানো হচ্ছে। সে ষড়যন্ত্রের শিকার। কিন্তু তার এই কথা বিশ্বাস করে না কেউ। খুনি বলে দাগিয়ে দেয়।
মৌলি জানায় তার বাবাকে খুন করার অপরাধে বাণীর ফাঁসি হবে। এই কথা শুনে আঁতকে ওঠে বাণীর মেয়ে। তবে স্ত্রীর এই বিপদে পাশে থাকে না অনিরুদ্ধ। সে জানিয়ে দেয় তার কিছু করার নেই। শেষ পর্যন্ত বাণীর সত্যিই ফাঁসি হয় না সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে সেটাই দেখার।
'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধে সাতটা থেকে সম্প্রচারিত হয়। এই ধারাবাহিক শুরু হয়েছিল একা মায়ের লড়াইকে কেন্দ্র করে। তবে বাণীর পাশে অনিরুদ্ধ সমস্ত বিপদ-আপদে থাকে। তাই এখন তাদের জীবনযুদ্ধ নিয়েই এগোচ্ছে গল্প।
















