দীর্ঘ সময় ছোটপর্দায় ফিরেই ম্যাজিক দেখাচ্ছেন রণিতা দাস। তাঁর ধারাবাহিক 'ও মোর দরদিয়া' ইতিমধ্যেই টিআরপি তালিকার সেরা দশে নিজের জায়গা পাকা করে নিয়েছে। গল্পেও এসেছে নানা চমক। এবার নায়িকা তার অধিকার বুঝে নিতে প্রস্তুত। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বাণী তার বাড়ি ফিরে এসেছে। অর্থাৎ তার নিজের বাড়ি, সে যে বাড়ির মেয়ে অথচ এতদিন জানত না। সম্প্রতি সেই কথা জেনে নিজের পরিবারের কাছে ফিরে আসছে। আসছে অধিকার বুঝে নিতে। প্রোমোতে দেখা গিয়েছে মেয়ের হাত ধরে মৌলিদের বাড়ি এসে তার নাম ধরে বাণী ডাকছে। মৌলি এসে তাকে জিজ্ঞেস করে কেন এসেছে সেখানে, এই বাড়িতে তার ঢোকা নিষেধ। বাণীকে দেখে অখুশি হয় তার বাড়ির লোকজনও। তবুও বাণী সত্যটা সামনে আনে। 

নায়িকা সকলকে জানায় রায় বাড়ির আসল মেয়ে সে। মৌলি না। এতদিন সবাই যা জানত সেটা ভুল। বাণীর পাশে এসে দাঁড়ায় তাঁর স্বামী অনিরুদ্ধও। এখন এটাই দেখার পালা সত্যি জানার পর কী করে বাণীর পরিবারের লোক, তাকে মেনে নেয় নাকি মৌলিকেই মেয়ে হিসেবে বাড়িতে রাখে।

https://www.instagram.com/reels/DXcKwWTDe0j/ 

গল্পে সম্প্রতি দেখানো হয়েছে মৌলির চাল বানচাল করে বাণী জেল থেকে ছাড়া পাওয়ার পরও তার ক্ষতি করার চক্রান্ত করে মৌলি। বাণীকে শায়েস্তা করতে তার মেয়ে তানিকে অপহরণের পরিকল্পনা করে মৌলি। পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে এসে বাণীর উপর আক্রমণ করে। সেই ব্যক্তিকে ধরতে তার পিছনে ছোটে ছোট্ট তানি। সেই সময়ই তাকে অপহরণের চেষ্টা করে সেই ব্যক্তি। এবার গল্পে আসছে নতুন টুইস্ট। 

'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হয়। এই বিশেষ পর্বটি আগামী সোমবার অর্থাৎ ২৭ এপ্রিল দেখানো হবে।