'ও মোর দরদিয়া' ধারাবাহিকের গল্পে আসছে নতুন টুইস্ট। তানিয়া অনিরুদ্ধকে ভয় পাচ্ছে। ভালবাসা আতঙ্কে পরিণত হয়েছে। গোটা ব্যাপার গড়িয়েছে কোর্ট পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত কি সত্যি সামনে আসবে? নাকি হাজতবাস হবে নায়কের? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে অনিরুদ্ধর বিরুদ্ধে কেস চলছে কোর্টে। বিচারক নায়কের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাবে যখন তখনই প্রতিবাদ করে ওঠে বাণী। জানায় অনিরুদ্ধ নির্দোষ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গোটা ঘটনাটি ঘটে তানিয়ার সামনেই। সে কাঁদলেও মুখ খোলে না। 

এরপরই দেখা যায় বাণী মেয়েকে অনুরোধ করতে থাকে সে যেন মুখ খোলে, সত্যিটা জানায়। এমনকী তার ঠাকুমাও অনুরোধ করে সত্যি বলার জন্য, বাবার জন্য। যে বাবা তাকে এত ভালবাসে, এত কিছু করেছে, তার জন্য শেষ পর্যন্ত তানিয়া মুখ খোলে কিনা, নাকি অনিরুদ্ধর জেল হবে সেটা আগামীতে বোঝা যাবে। তবে আপাতত এই ধারাবাহিকের গল্প একদম টানটান একটি জায়গায় রয়েছে। 

https://www.instagram.com/reels/DV9Dr34jaiQ/

প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে বাণী-অনিরুদ্ধর জীবন যেন কিছুতেই ছন্দে ফিরছে না। বাণীর মেয়ে তানিয়া অনিরুদ্ধকে দেখে ভয় পাচ্ছে। অথচ, অনিরুদ্ধকে সে নিজের সবচেয়ে ভাল বন্ধু হিসেবে দেখত। এমনকী বাণীর সঙ্গে অনিরুদ্ধর বিয়ে সেই-ই জোর করে দেয়। কিন্তু এখন কী এমন হল, যে অনিরুদ্ধকে দেখেই তানিয়া ভয় পাচ্ছে? সেই উত্তর এখনও না মিললেও আঁচ পাচ্ছেন দর্শক। তানিয়ার আসল বাবা ইচ্ছেকৃতভাবে অনিরুদ্ধর ছদ্মবেশ ধরে ছোট্ট তানিকে ভয় দেখাচ্ছে। আর তাই অনিরুদ্ধকে দেখলেই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে সে। মুখ লুকিয়ে ফেলছে মায়ের কোলে। মেয়ের এই অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে বাণীও। তানির এই আচরণ চোখ এড়ায়নি অনিরুদ্ধর। সে তানিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ছোট্ট মনে ভয় ভীষণভাবে গেঁথে গিয়েছে, তাই অনিরুদ্ধর কথা বুঝতে চেষ্টা করে না সে‌। এদিকে, অনিরুদ্ধ চায় বাণী ও তানি যেন ভাল থাকে। তাই অনিরুদ্ধ রাতের বেলায় উঠে চিঠি লেখে বাড়ি ছেড়ে চলে যাবে বলে। তানি যাতে ভাল থাকে তাই সে তাদের থেকে দূরে চলে যেতে চায়। রাতের অন্ধকারেই অনিরুদ্ধ বেরিয়ে যায় বাড়ি ছেড়ে। গভীর রাতে ঝড় ওঠে। হাওয়ায় সব এলোমেলো হয়ে যাচ্ছে বুঝতে পেরে বাণীর ঘুম ভেঙে যায়। বাণীর চোখে পড়ে অনিরুদ্ধর হাতে লেখা চিঠিটা।

'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হয়। তবে এই বিশেষ অংশটি টানা ৬ দিন চলবে। ১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত দেখা যাবে।