'ও মোর দরদিয়া' ধারাবাহিকে আসছে বিরাট চমক। বাণী আবারও মা হতে চলেছে। তার আর অনিরুদ্ধর সন্তান আসছে। আর সেই সাধের অনুষ্ঠানেই ঘটবে বিপত্তি!
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বাণী সন্তানসম্ভবা। তার সাধের আয়োজন করা হয়েছে। নায়িকা সেজেগুজে আসতেই তাকে বরণ করে তার মেয়ে। এসব দেখে বাণী মুগ্ধ হয়ে জানতে চায় সব তার জন্য? তার মেয়ে তানি এসব আয়োজন করেছে? জবাবে ছোট্ট তানি জানায় সে এখন বড় হয়ে গিয়েছে, সে দিদি হতে চলেছে। ভাই আসার আনন্দে একটি ছবিও এঁকে ফেলে তানি। সেখানে বাবা, মা আর তার সঙ্গে ভাইকেও এঁকেছে। সবটা মিলিয়েই খুশির হাওয়া বাণী এবং অনিরুদ্ধর সংসারে। কিন্তু সুখ সইবে কি তাদের?
প্রোমোতে দেখা যাচ্ছে বাণীর প্রাক্তন স্বামীও রয়েছে সেখানে। আর সে বলছে এবার দায়িত্ব নিয়ে তানির কানে বিষ ঢালবে। ভাই বা বোনের আসার আনন্দে যে সে এত খুশি, সেটাকে যে বাণীর প্রাক্তন স্বামী নষ্ট করার পরিকল্পনা করছে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটে, বাণী অনিরুদ্ধর সংসারে নতুন সদস্য আসার আগে কোন জটিলতা তৈরি হয় সেদিকেই নজর থাকবে।















