নিজের বাবা মাকে খুঁজে পেলেও যেন লড়াই থামছে না বাণীর। তাই এবার নিজেকে রায় বাড়ির যোগ্য উত্তরসূরি প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। আর তখনই তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র ফাঁদছে মৌলি। কী ঘটবে এবার 'ও মোর দরদিয়া' ধারাবাহিকে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থাতেই স্বামীর সঙ্গে বিউটি কম্পিটিশনে নাম দিচ্ছে বাণী। ফর্ম ফিলাপ করতে এসেছে। বাণী বদ্ধপরিকর এই প্রতিযোগিতা জিততে হবে বলে। কারণ এতেই সে প্রমাণ করবে তার মধ্যেও গুণ এবং প্রতিভা আছে। স্ত্রীর এই নতুন লড়াইয়ে পাশে থাকে অনিরুদ্ধ।
কিন্তু এত সহজে সবটা হলে তো হয়েই যেত! মৌলি সেখানে হাজির হয়। বাণীর ফর্মে আগুন ধরিয়ে দেয়। জানায় সে কিছুতেই নিজেকে রায় বাড়ির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করতে পারবে না। কারণ গর্ভবতী মেয়েদের রান্নাঘর আর বাড়িতেই নাকি মানায়।
বাণী এই কথায় দমার পাত্রী না। সেও জানিয়ে দেয় এই প্রতিযোগিতা জিতেই ছাড়বে, আর প্রমাণ করবে মাতৃত্বের থেকে বড় সৌন্দর্য আর কিছুই হয় না। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জয়ী হয় সেটাই দেখার।















