'ও মোর দরদিয়া' ধারাবাহিকে একের পর এক চমক এসেই চলেছে। সবেই মৌলির ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জেল থেকে মুক্ত হয়েছে বাণী। এবার আবার তার ক্ষতি করতে বড়সড় ফন্দি আঁটল খলনায়িকা। কাকে হারাবে নায়িকা এবার?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বাণী জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে। তার উপর মৌলির বাবাকে হত্যা করার ভুয়ো অভিযোগ আনা হয়েছিল। কিন্তু আদালতে সেটা প্রমাণ করা যায়নি। ফলে সে সসম্মানে বেরিয়ে এসেছে। তারপরই নববর্ষের কারণে তাদের বাড়িতে খুশির হাওয়া বয়। জমাটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বাণী গান গায়। এদিকে তখন তার ক্ষতি করার ষড়যন্ত্র করে চলেছে মৌলি।
বাণীকে শায়েস্তা করতে তার মেয়ে তানিকে অপহরণের পরিকল্পনা করে মৌলি। এই অনুষ্ঠান যখন চলছে সেই সময়ই এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে এসেছে তানিকে তুলে নিয়ে যায়। সে চিৎকার করলেও শুনতে পায় না বাণী। এমন অবস্থায় শেষ পর্যন্ত কী হবে? মৌলি কি তবে বাণীর উপর প্রতিশোধ নিতে তার মেয়েকে সরিয়ে দেবে? নাকি বরাবরের মতো বাণী এবং অনিরুদ্ধ মিলে এবারও মৌলির এই পরিকল্পনা ভেস্তে দিয়ে বাঁচিয়ে নেবে তানিকে? উত্তর জানতে আগামী পর্বের দিকে নজর রাখতে হবে।
















