টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তাঁর জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় তিনি একটি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ এই সম্পর্কের জেরে শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল৷ 

সেই সম্পর্কে তাঁর প্রাক্তন প্রেমিক শুধু মানসিক নির্যাতনই করেননি, সিগারেট দিয়ে শরীরে ছ্যাঁকা দিয়েছিলেন এবং চড়ও মেরেছিলেন। বহু বছর পর সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি রিয়্যালিটি শোয়ের একটি পর্বে মিনি মাথুর, রুহি দোসানি এবং দিলবার আর্যার সঙ্গে কথোপকথনের সময় নীতি নিজের অতীতের সেই অন্ধকার অধ্যায়ের কথা তুলে ধরেন। তিনি শরীরে এখনও থাকা পোড়ার দাগ দেখিয়ে বলেন, "আমার প্রাক্তন প্রেমিক একবার সিগারেট দিয়ে আমাকে পুড়িয়ে দিয়েছিল। ও অত্যন্ত হিংস্র ছিল। এক রাতে, ওর জন্মদিনে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর আমাকে চড় মারে। তখনই আমি সিদ্ধান্ত নিই, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব।"

নীতি আরও বলেন, সেই সময় তিনি খুবই কম বয়সী ছিলেন। তাই মানুষের চরিত্র বোঝার মতো পরিপক্বতা তাঁর ছিল না। অভিনেত্রীর কথায়, "আমি তখন শুধুই একটা বাচ্চা মেয়ে ছিলাম। কম বয়সে আমরা অনেক সময় মানুষকে ঠিকভাবে বিচার করতে পারি না। দুর্বলতার সুযোগ নিয়েই সে আমাকে নির্যাতন করেছিল।" তাঁর এই অকপট স্বীকারোক্তি অনেককেই আবেগপ্রবণ করেছে।

প্রসঙ্গত, নীতি টেলর বর্তমানে ভারতীয় সেনা আধিকারিক পরীক্ষিত বাওয়ার সঙ্গে বিবাহিত। ২০১৯ সালে তাঁদের বাগদান হয় এবং ২০২০ সালে বিয়ে করেন তাঁরা। ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা ছড়ালেও নীতি তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি সেই প্রসঙ্গেও তিনি বলেন, "যখন কোনও উত্তর দিই না, সেটাও এক ধরনের উত্তর। কিছু না ঘটলে বারবার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না।"


'ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নীতি টেলরের এই অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে৷ অনুরাগীদের একাংশ তাঁর সাহসের প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের এমন কঠিন অভিজ্ঞতা প্রকাশ্যে আনা অন্য নির্যাতিত নারীদেরও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস জোগাবে।