নতুন মোড় আসছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে। শুধু নতুন মোড় নয়, আসছে নতুন চরিত্রও। এবার ধারাবাহিকে ডার্ক ওয়েব নেটওয়ার্ক সাইবার মাস্টারমাইন্ডের ভূমিকায় দেখা যাবে অভিনেতা নীলাঞ্জন দত্তকে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে তাঁর চরিত্রের প্রথম ঝলক।
কিন্তু নীলাঞ্জনের এই চরিত্রটা গল্পে কীভাবে দেখানো হবে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এবার নতুন মোড় যে আসছে 'লক্ষ্মী ঝাঁপি'তে তা স্পষ্ট। কিছুদিন আগেই যে প্রোমো এসেছিল তাতে দেখা গিয়েছিল যে দীপের বিরুদ্ধে উঠছে টাকা তছরুপের অভিযোগ।

দেখা গিয়েছিল, দীপের বাড়িতে পুলিশ এসেছে। খবরের শিরোনামেও সে। কেন? কারণ দীপ এমন একটা কোড বানিয়েছে যেটা ব্যবহার করে জালিয়াতরা কোটি কোটি টাকা ব্যাঙ্ক থেকে হাতিয়ে নিয়েছে। আর এই গোটা ঘটনার জন্য দীপ্তার্ক সরকার অর্থাৎ দীপকে দায়ী করা হচ্ছে। এমনকী পুলিশ তাকে গ্রেফতার করতে আসে।
পুলিশ দীপকে গ্রেফতার করে নিয়ে যখন বেরোচ্ছে সেই সময় তার বাড়ির বাইরে বহু মানুষ ভিড় জমিয়েছে। আর সেই ভিড়ে মিশে থাকে ইনকা। সে আর তার পার্টনার মিলে দীপের দিকে পাথর ছুঁড়ে মারে। কিন্তু ঝাঁপি সেটা লুফে নেয়। এবং জানায় সে থাকতে দীপের কোনও ক্ষতি হতে দেবে না। আর দীপ কোনও অপরাধ করেনি বলেও জানায়। এখন দেখার পালা এটাই যে দীপ নির্দোষ সেটা কী করে ঝাঁপি প্রমাণ করে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন শুভস্মিতা মুখার্জি এবং সৌরভ চক্রবর্তী। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই ধারাবাহিকের নায়ক নায়িকা সম্প্রতি বাগদান সেরেছেন। ধারাবাহিকের সেট থেকেই তাঁদের প্রেম শুরু হয়। এবার সেই প্রেম পরিণতি পাবে বিয়ের পিঁড়িতে।















