নিজস্ব সংবাদদাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে 'বিনোদিনী' হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ঘোষণা আগেই হয়েছিল। সৃজিত সাফ জানিয়েছিলেন শুভশ্রীকে 'বিনোদিনী' হিসাবে ভেবেছিলেন চার বছর আগে। তাঁর কথায়, "ওই আমার প্রথম পছন্দ ছিল। কোনও কারণে সেটা হয়ে ওঠেনি। এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়।"
নিজেকে 'বিনোদিনী' রূপে গড়ে তুলতে কেমন প্রস্তুতি চলছে শুভশ্রীর? এর উত্তর নায়িকার সমাজমাধ্যমে চোখ রাখলেই পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে 'নটী বিনোদিনী: আমার কথা' বইটি পড়তে দেখা যায় শুভশ্রীকে। বোঝাই যাচ্ছে, 'বিনোদিনী' নিয়ে ইতিমধ্যেই পড়াশোনা শুরু করেছেন শুভশ্রী। চরিত্রটি নিজের মতো করে গড়ে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি। সূত্রের খবর, শরীরচর্চাতেও জোর দিচ্ছেন তিনি। বদল এনেছেন ডায়েট চার্টেও।
বড়পর্দায় ফুটিয়ে তোলার জন্য পুরোদমে মঞ্চে মহড়ায় ব্যস্ত অভিনেত্রী। কখনও দর্শকাসনে বসে, কখনও আবার মঞ্চে উঠে শুভশ্রীকে চরিত্রের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে এই ছবি ভাগ করে নিয়েছেন ছবির প্রযোজক রাণা সরকার। ক্যাপশনে লিখেছেন, 'আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে। ও রুপ দেখিয়া আকুলি-বিকুলি, পরিলাম পিরিতি ফান্দে। সিনেমাকে প্রেমিকার মত সাজাই, যত সাজাই তত সুন্দর লাগে, আরও প্রেম বাড়ে, আরও সাজাই, আরও আরও অন্তহীন এই অ্যাড্রিনালিন রাশ 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমার রিহার্সাল থেকে।'
কয়েকদিন আগেই সামনে এসেছিল 'বিনোদিনী'র 'গৌরাঙ্গ' রূপের ছবি। অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল 'গৌরাঙ্গ' রূপে। ছবিতে চুল কামিয়ে মসৃণ মাথা, দু'বাহু তুলে 'গৌরাঙ্গ'-এর বেশে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক। এবার এল নায়িকার দ্বিতীয় লুকের ছবি। সাদাকালো ছবিতে 'বিনোদিনী'র প্রতিচ্ছবি হয়ে উঠেছেন শুভশ্রী। নটী বিনোদিনী ও শুভশ্রীর লুকের ছবি পরপর রেখে পোস্ট করেছেন পরিচালক। অভিনেত্রীর এই রূপ দেখে যেন চোখ ফেরানো দায়।















