আসছে চৈতি ঘোষালের পরিচালনায় প্রথম ছবি ‘নেভার মাইন্ড’। ছবিটির পোস্টার ও টিজার আগেই দর্শকদের নজর কেড়েছিল, মঙ্গলবার ট্রেলার মুক্তি পেতেই সিনেমাটিকে ঘিরে রহস্যের পারদ আরও চড়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায়।

ছবির ট্রেলারটি শুরু হয় রাতের অন্ধকারের এক রহস্যময় পরিবেশ দিয়ে। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত চরিত্র ‘তৃণা লাহিড়ী’ কোনও এক অজানা সত্য বা বিষয়ের সন্ধানে এসে পৌঁছয় ‘নেভারমাইন্ড’ নামের একটি বারে। সেখানেই তার সঙ্গে হঠাৎ আলাপ হয় অমর্ত্য অভিনীত চরিত্র ‘জুন’-এর সঙ্গে। তবে এই আলাপ কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনও গভীর ষড়যন্ত্র বা অতীত ইতিহাস,  তা ট্রেলারে পুরোপুরি খোলসা না করা হলেও এক বড়সড় রহস্যের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রেলারের পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য ও রোমাঞ্চ। গল্পে তৃণা একজন মা। কিন্তু সে কি তার নিজের নিখোঁজ ছেলের সন্ধানেই ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে, নাকি অন্য কোনও জটিল কারণে তার এই পথচলা- তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল দানা বাঁধে। 

ট্রেলারে আরও কিছু প্রশ্ন উঠে এসেছে।যেমন জুনকে কি তৃণা আগে থেকেই চিনত? তৃণার নিজের পরিবারের সদস্যরা কেন তার প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছে? তারা তৃণার থেকে ঠিক কী লুকাতে চাইছে? এবং কোনো এক সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে না পারার জন্য তৃণার মনে কেন এত বড় আফসোস? শেষ পর্যন্ত তৃণা ও জুনের জীবনের সমীকরণ কোথায় গিয়ে মিলবে, সেই সব প্রশ্নের উত্তর মিলবে ছবিটি মুক্তি পাওয়ার পর।
এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও অমর্ত্য ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের একঝাঁক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুশা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন, মিঠুন দেবনাথ এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

সিনেমাটির টানটান চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ক্যামেরার দায়িত্বে রয়েছেন গোপী ভগৎ। ছবিটির আরও একটি অন্যতম বড় আকর্ষণ হল এর গান ও আবহসঙ্গীত, যার দায়িত্ব সামলেছেন রূপম ইসলাম। 

আপাতত চৈতি ঘোষালের প্রথম পরিচালনা এবং ঋতুপর্ণা-অমর্ত্য জুটির অনবদ্য রসায়ন বড় পর্দায় দেখার জন্য দর্শকেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।