ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছে বহুদিন ধরেই প্রতীক্ষার নাম ‘তুম্বড় ২’। অবশেষে সেই প্রতীক্ষায় এল বড় আপডেট। ২ মার্চ নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, ছবির সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। কারণ, প্রথম ছবির অদ্ভুত লোককথা-ঘেরা আবহ, গা ছমছমে পরিবেশ আর পৌরাণিক রহস্য ইতিমধ্যেই ছবিটিকে কাল্ট মর্যাদা দিয়েছে। ফলে সিক্যুয়েলে নওয়াজের মতো অভিনেতার যুক্ত হওয়া ফ্র্যাঞ্চাইজির পরিসর আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন অনেকে।


এই সিক্যুয়েল তৈরির জন্য অভিনেতা-প্রযোজক সোহম শাহ হাত মিলিয়েছেন প্রযোজনা সংস্থা পেন স্টুডিওজের সঙ্গে, যার নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ প্রযোজক জয়ন্তিলাল গদা। যদিও ‘তুম্বড় ২’-এ নওয়াজ অভিনীত চরিত্র সম্পর্কে এখনই কিছু প্রকাশ করা হয়নি।তবে সূত্রের খবর, লোককথা-নির্ভর এই ভয় ধরানো গল্পের কেন্দ্রে থাকবে তাঁর ভূমিকা, যা গল্পের আবহ ও মনস্তাত্ত্বিক গভীরতা বাড়াবে।তবে ছবিতে কোন চরিত্রে দেখা যাবে নওয়াজকে, তা নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। 

 

‘তুম্বড় ২’তে অভিনয় করার প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, এই ছবির মৌলিকতা এবং আবহ তাঁকে সবসময় আকৃষ্ট করেছে। সিক্যুয়েলের গল্প শুনে তিনি সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে ওঠেন। তাঁর কথায়, “ আমার অভিনীত চরিত্রটি বহুস্তরীয়। এমন একটি অপূর্ব গল্পের জগতে কাজ করার সুযোগ পাওয়া আমার মতো অভিনেতার কাছে নিঃসন্দেহে রোমাঞ্চকর।”সোহম শাহ জানিয়েছেন, নওয়াজের অভিনয়ের তীব্রতা ও বাস্তবতা ছবির আবেগিক পরিসর অনেকটাই বাড়িয়ে দেবে। অন্যদিকে প্রযোজক জয়ন্তিলাল গাডার বক্তব্য, এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আরও বৃহৎ সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য তাঁদের।

 

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বড়’ ধীরে ধীরে দর্শকমনে জায়গা করে নেয়। ২০২৪ সালের পুনর্মুক্তিতেও বক্স অফিসে নজর কাড়ে ছবিটি।

 

ছবিতে ‘বিনায়ক রাও’য়ের চরিত্রে সোহম শাহের রহস্যময় যাত্রা, অন্ধকার রাত, লণ্ঠনের আলো আর লুকিয়ে থাকা অভিশাপ—সব মিলিয়ে ভারতীয় হরর-উপকথা ধারায় নতুন মাত্রা এনে দেয়। ‘তুম্বড়’-এর পরিচালনার দায়িত্বে ছিলেন রাহি অনিল বার্ভে, সৃজনশীল পরিচালক হিসেবে ছিলেন আনন্দ গান্ধী।

 

&t=3s