দক্ষিণী তারকা নানি তাঁর জন্মদিনেই ভক্তদের জন্য বড় চমক দিলেন। পরিচালক সুজিত-এর সঙ্গে তাঁর পরবর্তী অ্যাকশন ছবির নাম ঘোষণা করা হয়েছে — ‘ব্লাডি রোমিও’। ছবির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে, সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
প্রযোজনা সংস্থার তরফে প্রকাশিত ভিডিওতে নানির চরিত্রের আভাস দেওয়া হয়েছে। ইঙ্গিত মিলছে, তিনি এক ভয়ঙ্কর গ্যাংস্টারের ভূমিকায় দেখা দিতে চলেছেন। ক্যাপশনে লেখা ছিল, “ ‘ব্লাডি রোমিও’ জোনে আপনাদের স্বাগত। রান্নাঘর থেকে রাস্তায় আগুন জ্বলবে।”
শুটিং শুরু, তার আগেই নাকি পাকা হল ওটিটি চুক্তি। খবর, ‘দ্য প্যারাডাইজ’-এর শুটিং শেষ করেই নানি এই ছবির কাজে ঝাঁপাবেন। ইতিমধ্যেই ছবিরওটিটি স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স এবং তা নাকি বেশ মোটা অঙ্কে।বৃহৎ আয়োজনে মহরতের মাধ্যমে প্রকল্পের সূচনা হয়েছে, সেই অনুষ্ঠানের ছবিও ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কটেশ।
পরিকল্পনা অনুযায়ী, ছবির শুটিং শুরু হতে পারে ২০২৫-এর ডিসেম্বর থেকে, আর মুক্তি লক্ষ্য করা হচ্ছে বড়দিন ২০২৬।
২০২৬-এ বড় বক্স-অফিস সংঘর্ষ? ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন জোর গুঞ্জন, ২০২৬-এর উৎসব মরসুমে বড় সংঘর্ষ হতে পারে। কারণ, অভিনেতা বিজয় দেবারাকোণ্ডা-র আসন্ন গ্যাংস্টার ড্রামা রাউডি জনধারণ-ও একই সময়ে মুক্তির পরিকল্পনায় রয়েছে। ফলে দক্ষিণী বক্স-অফিসে দুই জনপ্রিয় নায়কের মুখোমুখি লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও একটি বড় গুঞ্জন শোনা যাচ্ছে। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন-কে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলে খবর। যদিও তাঁর চরিত্রের বিশদ এখনও প্রকাশ করা হয়নি, তবে এই খবরেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
&t=313s
এদিকে নানির আরেক ছবি ‘দ্য প্যারাডাইজ’-এর প্রথম গান যায় শের-এর প্রোমো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। ঝাঁঝালো বিট, গর্জন তোলা কোরাস আর ধোঁয়া-ঘেরা ভিজ্যুয়াল, সব মিলিয়ে গানটি উচ্চাকাঙ্ক্ষী, বৃহৎ স্কেলের অ্যাকশন জগতের আভাস দিচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়ায় নানি লিখেছেন, “আমার কোনও ঠিকানা নেই। আমিই ঠিকানা হয়ে উঠব।”
এই সংলাপই যেন তাঁর পরবর্তী ছবিগুলির মেজাজ ও উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত বহন করছে।
