টলিপাড়ায় বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা সিনেমা। এবার তেমনই সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে আসছে নতুন বাংলা ছবি ‘ফেরা’। প্রকাশ্যে নন্দী মুভিজের সেই ছবির প্রথম ঝলক। এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন সঞ্জয় মিশ্র। বর্ষীয়ান অভিনেতাকে সঙ্গ দেবেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার।
‘ফেরা’ মূলত দুই পুরুষের সম্পর্কের গল্প। পলাশ শহরের এক কর্পোরেট কোম্পানিতে সেলস ম্যানেজার, যে প্রতিনিয়ত নিজের চাকরি বাঁচাতে চেষ্টা করে চলেছে। অন্যদিকে, তাঁর বাবা পান্নালাল এককালে নিজের এলাকায় দাপুটে ফুটবল খেলোয়াড় ছিলেন, আজ অবসরপ্রাপ্ত হয়ে মফস্বলের বাড়িতে একা থাকেন। জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই পুরুষ ঘটনাচক্রে এসে দাঁড়ায় এক ছাদের তলায়।
গল্পের বাঁকবদলে দেখা যায়, অতীতের ধুলোমাখা কিছু স্মৃতি যখন বর্তমানে হানা দেয়, তখন বাবা ও ছেলের দুই ভিন্ন পৃথিবী এবং পৃথক জীবনবোধ মুখোমুখি এসে দাঁড়ায়। সাফল্য মানে কি কেবল টাকা বা পদমর্যাদা? নাকি অনেক কিছু পেছনে ফেলে আসার নামই জীবন? এই সব প্রশ্নের উত্তর খুঁজবে ‘ফেরা’।
আধুনিক জীবনের ইঁদুর দৌড় আর পুরনো স্মৃতির ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে ‘ফেরা’ শেখাবে সম্পর্কের মায়া এবং ফিরে আসার সার্থকতা। ‘পান্নালাল’-এর চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় মিশ্র। এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী থাকছেন 'পলাশ'-এত চরিত্রে। সম্পর্কের ছোটখাটো মুহূর্তগুলোকে নিপুণভাবে বড় পর্দায় ফুটিয়ে তোলার নেপথ্যে পৃথা চক্রবর্তীর পরিচালনা। প্রযোজনার দায়িত্বে নন্দী মুভিজ-এর প্রদীপকুমার নন্দী।















