জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য় 'বনলতা'র চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত। তাঁর চরিত্রটি শুরু থেকেই ধূসর প্রকৃতির। গল্পের বনলতার চরিত্রটি নিয়ে দর্শকের মধ্যে নানা চর্চা চলতেই থাকে। এবার জানা যাচ্ছে, নন্দিনীকে দেখা যাবে অন্য একটি গল্পে। তবে কি ধারাবাহিক ছাড়ছেন তিনি? তা একেবারেই নয়। নন্দিনীকে দেখা যাবে জি ফাইভ বাংলার একটি ওয়েব সিরিজে। সিরিজের নাম 'প্রেম শটস'।
এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্গনা রায় ও বনি সেনগুপ্তকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজের টিজার। মাখোমাখো কেমিস্ট্রি দেখা যাবে তাঁদের 'প্রেম শটস'-এ। টিজারে দেখা গেল দু'জনে একসঙ্গে গাঁজার ব্যবসা করার প্ল্যান করছেন। শুধু তাই নয়, বনিকে একাধিক নায়িকার সঙ্গেও দেখা গেল। তবে সকলের মধ্যে সে ওই কানেকশন একমাত্র অঙ্গনার সঙ্গেই ফিল করতে পারছে। তার সঙ্গে বারবার দেখা করার কথা বলছে, দেখা করছে। এমনকী কাটাচ্ছে ঘনিষ্ঠ মুহূর্তও। দু'জনের এই সম্পর্কের শেষ পরিণতি কী? বনির চরিত্রের সঙ্গে শ্রেয়া গুপ্তর চরিত্রের রসায়নই বা ঠিক কী সেটা স্পষ্ট নয়। এই প্রশ্নের জবাব পেতে জি ফাইভে দেখতে হবে 'প্রেম শটস'। গল্পে বনির এক প্রেমিকার চরিত্রে থাকবেন নন্দিনী।
এই রোমান্টিক-কমেডি ঘরানার সিরিজে বনি সেনগুপ্ত, অঙ্গনা রায়, নন্দিনী দত্ত ছাড়াও থাকবেন দেবদত্ত রাহা, শ্রেয়া গুপ্ত সহ আরও অনেকেই। টিজারে এক ঝলক দেখা মিলেছে নন্দিনীর। বোঝা যাচ্ছে, 'প্রেম শটস'-এ ক্যামিও চরিত্রেই থাকছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, জি বাংলার 'কনে দেখা আলো'য় এই মূহূর্তে বেজায় বিপাকে নন্দিনীর চরিত্রটি। গল্পে দেখা যাচ্ছে, বনলতা অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা নাটক করে। যাতে লাজুর থেকে অনুভবকে সরানো যায়। এদিকে, অনুভবের সন্দেহ আরও বাড়ে বনলতার উপর। সে লাজুকে ডেকে জানায়, তার সন্দেহের কথা। বলে, তার অনুমান বনলতা অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে নাটক করছে।
লাজু প্রথমে অনুভবের কথা বিশ্বাস না করলেও তার মনে সন্দেহ হয়। এর মধ্যেই মেডিকেল কলেজে বনলতা প্রথমে যে ডাক্তারের কাছে গিয়েছিল চেকআপ করাতে, লাজুর দেখা হয় তার সঙ্গে। সে লাজুর কাছে বনলতার খোঁজ নেয়। লাজু জানায়, বনলতা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই কথা শুনে আঁতকে ওঠে ওই ডাক্তার। লাজুকে জানায়, সেটা তো একপ্রকার অসম্ভব। কারণ, চেকআপের সময় বনলতা অন্তঃসত্ত্বা ছিল না। লাজু এই কথা শুনে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, অনুভবের সন্দেহই তাহলে ঠিক। লাজু কি সব সত্যি বলে দেবে অনুভবকে? কী হবে বনলতার? উত্তরের অপেক্ষায় দর্শক।
















