টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
‘মাইসা’-র সেটের ঝলক শেয়ার রশ্মিকার
অভিনেত্রী রশ্মিকা মন্দানা তাঁর আসন্ন ছবি ‘মাইসা’-র সেট থেকে একটি মজার বিহাইন্ড দ্য সিন (BTS) মুহূর্ত শেয়ার করেছেন। পরিচালক রবীন্দ্র পুল্লের এই অ্যাকশন থ্রিলার ছবির শুটিংয়ের সময়ের একটি ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ছবির শুটিং যে বেশ কঠিন ও অ্যাকশন-ভরা, সেই ইঙ্গিত মিলেছে রশ্মিকার পোস্টে। ‘ব্লাড মার্কস’ নিয়ে তাঁর মজার মন্তব্য ভক্তদের নজর কেড়েছে। ‘মাইসা’-য় রশ্মিকাকে দেখা যাবে এক শক্তিশালী চরিত্রে। ছবিতে তাঁর অ্যাকশন অবতার নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পরিচালক রবীন্দ্র পুল্লের এই ছবি রশ্মিকার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ছবি বলেও মনে করা হচ্ছে৷ এই চরিত্রের জন্য অভিনেত্রীকে কঠিন প্রশিক্ষণও নিতে হয়েছে বলে জানা গিয়েছে। রশ্মিকার এই নতুন লুক নিয়ে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
ছেলের ডেবিউ নিয়ে মুখ খুললেন রাজকুমার হিরানি
পরিচালক রাজকুমার হিরানি তাঁর ছেলে বীর হিরানির অভিনয় জগতে অভিষেক নিয়ে বললেন, ‘শুধু আমার ছেলে বলেই সুযোগ পাবে না’। আসন্ন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-র মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন বীর। তবে তাঁর জন্য কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজকুমার। পরিচালক জানান, বীরকে চরিত্র পাওয়ার জন্য অন্যদের মতোই অডিশন দিতে হয়েছে। তিনি ছেলেকে স্পষ্টভাবে বলেছিলেন, “শুধু তুমি আমার ছেলে বলেই চরিত্র পেয়ে যাবে—এমনটা ভাববে না।" রাজকুমারের মতে, একজন অভিনেতাকে নিজের যোগ্যতায় জায়গা তৈরি করতে হয়। তাই বীরকেও কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ রাজকুমার হিরানির ওটিটি জগতে প্রথম কাজ। সিরিজটিতে বীরের সঙ্গে দেখা যাবে আরশাদ ওয়ারসি এবং বিক্রান্ত মাসেকে। বাবার পরিচয়ের বাইরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করাই এখন বীরের বড় চ্যালেঞ্জ।
নাগ অশ্বিনের ঘরে আসছে নতুন অতিথি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক নাগ অশ্বিন এবং তাঁর স্ত্রী, প্রযোজক প্রিয়াঙ্কা দত্ত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাগ অশ্বিন। ‘কল্কি ২৮৯৮ এডি’-র সাফল্যের পর নাগ অশ্বিন বর্তমানে তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে রয়েছেন। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই সায়েন্স ফিকশন ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাগ অশ্বিন ও প্রিয়াঙ্কা দত্ত ইতিমধ্যেই এক সন্তানের বাবা-মা। এবার দ্বিতীয় সন্তানের আগমনের খবরে অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্তের পাশাপাশি, নাগ অশ্বিন তাঁর বহুল প্রতীক্ষিত ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।















