ফের বিতর্কে ‘শক্তিমান’। খবরের শিরোনামেও। খুলেই বলা যাক বিষয়টি। ভারতের জনপ্রিয় তথা বিতর্কিত কমেডিয়ান সময় রায়না-র সাম্প্রতিক ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ শো এবং ইউটিউব কন্টেন্টের ধরন নিয়ে তোপ দাগলেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। ‘শক্তিমানে’র মতে, বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েটররা কেবল সমস্যাজনকই নয়, বরং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর কন্টেন্ট তৈরি করছেন।
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ রণবীর এলাহাবাদিয়া-র উপস্থিতি এবং শোর সামগ্রিক কন্টেন্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে এবার ঘি ঢাললেন মুকেশ খান্না। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আক্রমণ করলেন সময় রায়না ও শো-এর নির্মাতাদের। মুকেশ খান্নার দাবি, এই ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মের নৈতিকতাকে ভুল পথে চালিত করছে।
সম্প্রতি একটি কামব্যাক শো করেছিলেন সময় রায়না। নাম ছিল, ‘স্টিল অ্যালাইভ’। সময়ের সেই ‘স্টিল অ্যালাইভ’ শো-তে শক্তিমানে’র প্রসঙ্গ তুলে একটি মশকরা করেছিলেন সময় রায়না। যেখানে তিনি দাবি করেছিলেন যে শক্তিমান’কে নকল করতে গিয়ে বহু শিশুরা প্রাণ হারিয়েছে! এর উত্তরে মুকেশ খান্না বলেন, “এই মি. রায়না, যিনি অন্যের কন্টেন্টের সমালোচনা করেন, তাঁর কোনও অধিকারই নেই শক্তিমানে’র মতো একটি আইকনিক চরিত্রকে নিয়ে কথা বলার। শক্তিমানে’র কারণে কোনও শিশু মারা যায়নি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা বেগুসরাই এবং পুণের আদালতে এই সংক্রান্ত মামলা জিতেছি। যারা এই ধরনের গল্প ছড়ায়, তারা কেবল নিজেদের দাবি প্রমাণের জন্য মিথ্যা কথা বলে।”
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর বিতর্কের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, “আপনারা এমন বিষয়কে সমর্থন করছেন, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। শো-তে যা বলা হচ্ছে, তাতে আপনাদের বিন্দুমাত্র লজ্জা নেই? সেখানে বসে থাকা মেয়েটিও হাসছে! আমি অবাক হয়ে যাচ্ছি, এটিই কি আমাদের দেশের ভবিষ্যৎ?
মুকেশ খান্নার মতে, সাত বছর ধরে সফলভাবে চলা ‘শক্তিমানে’ তার জনপ্রিয়তাই প্রমাণ করে যে কন্টেন্টটি কতটা ‘পবিত্র’ ও ‘নির্দোষ’ ছিল। তিনি আরও যোগ করেন, “শিশুরা শক্তিমানে’র সঙ্গে বড় হয়েছে। কিন্তু এখনকার শিশুরা যদি এই ধরণের অশালীন কন্টেন্ট দেখে বড় হয়, তবে পুরো প্রজন্মই দিকভ্রষ্ট হবে। পথ হারিয়ে ফেলবে।”
















