কিছুদিন আগেই জল্পনায় সিলমোহর দিয়ে বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করেছেন মৌনি রায়। তারপর থেকেই চর্চায় রয়েছে তাঁর এবং দিশা পাটানির সম্পর্ক। এবার সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ল। এদিন দিশার জন্য বিশেষ পোস্ট করেও সেটা ডিলিট করে দিলেন মৌনি। কী লেখা ছিল তাতে?
এদিন মৌনি রায় যে পোস্ট করেছিলেন সেখানে তিনি দিশা পাটানিকে নিজের ছোট বোন বলে উল্লেখ করেন। তারপরই সেটা ডিলিট করে দেন। সেই ডিলিটেড পোস্টে দিশা এবং মৌনিকে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গিয়েছিল। মৌনি পরেছিলেন কালো রঙের মিনি ড্রেস এবং স্নিকার। আর দিশার ছিল স্পোর্টি ক্যাজুয়াল লুক। ছবিটি পোস্ট করে মৌনি লেখেন, 'আমার ছোট বোনটাকে খুব মিস করছি। জলদি ফিরে এসো দিশা পাটানি।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মৌনি রায় এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক নতুন গুঞ্জন শুরু হয়েছে। ডিভোর্সের ঘোষণার পর হঠাৎ করেই ইনস্টাগ্রামে সূরজকে আবার ফলো করতে শুরু করেছেন মৌনি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাঁদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? মৌনি রায়ের এই কঠিন সময়ে তাঁর সবচেয়ে কাছের বন্ধু, অভিনেত্রী দিশা পাটানিকে সবসময় তাঁর পাশে দেখা গিয়েছে। বাঙালি অভিনেত্রী যখন সূরজকে আবার ফলো করা শুরু করেছেন, তখন ভক্তদের নজর যায় দিশা পাটানির দিকে। যদিও দিশা কিন্তু এখনও সূরজকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। মৌনি ও সূরজের বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, দিশা পাটানির সঙ্গে মৌনির অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং একসঙ্গে বেশি সময় কাটানোটা হয়তো সূরজ সহজভাবে নিতে পারেননি।
যদিও বিবাহবিচ্ছেদের আসল কারণ জানা না গেলেও দিশার জন্য যে তাঁদের সম্পর্ক ভাঙেনি সেই ইঙ্গিত দিয়েছেন সূরজ। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই স্টোরিতে সূরজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, মৌনি ও তাঁর বিচ্ছেদের পিছনে কোনও খোরপোশ বা তৃতীয় কোনও ব্যক্তির হাত নেই। তিনি সরাসরি কারও নাম না নিলেও, নেটিজেনদের ধারণা তিনি 'তৃতীয় ব্যক্তি' হিসেবে দিশা পাটানির কথাই বলতে চেয়েছেন।















