আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
মৌনীর নতুন পোস্ট ঘিরে জল্পনা
বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরও নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী মৌনী রায়। স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করার কয়েক দিন পরই অভিনেত্রী তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটি ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় দিশা পাটানি, সোনম বাজওয়াকে৷ এই পোস্টে মৌনীর লেখা ‘ব্রাইডসমেডস’ ক্যাপশনটি বিশেষ নজর কেড়েছে। এর আগে মৌনী ও সূরজ যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, তাঁরা ব্যক্তিগত বিষয়গুলো গোপনীয়তা ও সম্মানের সঙ্গে সামলাতে চান। তাঁদের সম্পর্কের সমাপ্তি নিয়ে কোনও ধরনের জল্পনা না ছড়ানোর অনুরোধও করেছিলেন তাঁরা। মৌনীর নতুন পোস্ট দেখে অনুরাগীদের একাংশ মনে করছেন, কঠিন সময়েও বন্ধুদের ভালোবাসা ও সমর্থনই তাঁর শক্তি হয়ে উঠেছে।
পেড্ডি পরিচালকের ক্ষমা চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন গীতিকার
‘পেড্ডি’ ছবিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিতে জাহ্নবীর চরিত্র আচিয়াম্মাকে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে একাংশ দর্শক আপত্তি তুলেছেন। অভিযোগ উঠেছে, চরিত্রটির উপস্থাপনায় নারীর প্রতি সংবেদনশীলতার অভাব রয়েছে। বিতর্কের মাঝেই পরিচালক বুচি বাবু সানা (Buchi Babu Sana) প্রকাশ্যে ক্ষমা চেয়ে প্রয়োজনীয় পরিবর্তনের আশ্বাস দেন। তবে পরিচালকের এই ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট নন ছবির গীতিকার অনন্ত শ্রীরাম। তিনি মনে করেন, একজন পরিচালকের সৃজনশীল স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তিনি প্রশ্ন তোলেন, যদি সিনেমায় প্রেম, আকর্ষণ বা আবেগ দেখানোই বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে নির্মাতাদের স্বাধীনতা কোথায় থাকবে? এই বিতর্কের মধ্যেও ‘পেড্ডি’ বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে।
'লাগান'-এর স্মৃতিতে ডুব র্যাচেলের
২৫ বছর পূর্ণ করল ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি ‘লগান’। এই বিশেষ মুহূর্তে ছবির স্মৃতিচারণ করলেন ব্রিটিশ অভিনেত্রী র্যাচেল শেলি। ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ও আমির খান প্রযোজিত এই ছবিতে র্যাচেল অভিনয় করেছিলেন এলিজাবেথ রাসেল চরিত্রে। র্যাচেল জানিয়েছেন, ‘লগান’-এর সঙ্গে তাঁর যাত্রা আজও খুব বিশেষ। তাঁর কথায়, কখনও মনে হয় যেন ঘটনাগুলো সবে গতকাল ঘটেছে, আবার কখনও মনে হয় অনেক আগের কথা। ছবির প্রতি দর্শকদের ভালোবাসার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
















