বিনোদন দুনিয়ার তারকাদের গ্ল্যামারাস লাইফস্টাইল আর নিখুঁত মেকআপের পেছনের আসল মানুষটাকে দেখার কৌতূহল আমজনতার বরাবরের। আর সেই কৌতূহল মেটাতেই দিন-রাত ক্যামেরা হাতে তারকাদের পিছু নেন পাপারাৎজিরা। কিন্তু ক্যামেরার এই অতি-সক্রিয়তাই মাঝে মাঝে তারকাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি তেমনই এক ঘটনার মুখোমুখি হলেন বলিপাড়ার অভিনেত্রী মৌনি রায়। 

সাধারণত নিজের ফ্যাশন সেন্স এবং স্টাইলিশ লুকের জন্য সবসময়ই চর্চায় থাকেন মৌনি। পাপারাৎজিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতেই অভ্যস্ত এই বাঙালি অভিনেত্রী। তবে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় ক্যামেরার মুখোমুখি হয়ে একেবারেই অন্য মেজাজে ধরা দিলেন ‘নাগিন’ খ্যাত তারকা। মেকআপ ছাড়া তাঁর ছবি ও ভিডিও তোলায় চিত্রগ্রাহকদের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। 

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন মৌনি রায়। তবে গ্ল্যামার জগতের চেনা জাঁকজমক বা স্টাইলিশ পোশাকের বদলে এদিন অভিনেত্রীকে দেখা যায় অত্যন্ত সাধারণ একটি ঘরোয়া পোশাকে। মুখে ছিল না কোনও মেকআপের ছোঁয়া, সাধারণভাবে বাঁধা ছিল তাঁর। ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গাড়ি থেকে নামতেই পরিস্থিতি বদলে যায়। অভিনেত্রীকে ওই লুকে দেখেই ছেঁকে ধরেন উপস্থিত পাপারাৎজিরা। শুরু হয়ে যায় অবিরাম ক্যামেরার ফ্ল্যাশ আর ভিডিও রেকর্ডিং।

নিজের এই মেকআপহীন লুক ক্যামেরাবন্দি হচ্ছে দেখে শুরুতেই বেশ অস্বস্তিতে পড়েন মৌনি। পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে তিনি শান্ত গলায় বলেন, 'বন্ধ করো!' কিন্তু তারকারা সামনে থাকলে ক্যামেরার লেন্স কি আর সহজে নামানো যায়? অভিনেত্রীর অনুরোধ উপেক্ষা করেই চলতে থাকে রেকর্ডিং।

বারবার বারণ করা সত্ত্বেও চিত্রগ্রাহকরা ক্যামেরা বন্ধ না করায় চরম ধৈর্যচ্যুতি ঘটে মৌনির। বেশ রেগে গিয়ে মেজাজ হারিয়ে তিনি সরাসরি পাপারাৎজিদের ধমক দিয়ে বলেন, “আমি যখন বারণ করছি, তখন তোমরা কেন রেকর্ড করছ? দয়া করে ক্যামেরা বন্ধ করো।” মৌনি রায়ের গলার স্বরে রাগ এবং বিরক্তি এতটাই স্পষ্ট ছিল যে, পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত ক্যামেরা বন্ধ করতে বাধ্য হন সেখানে উপস্থিত চিত্রগ্রাহকরা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। অভিনেত্রীর রেগে যাওয়ার এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ার বাসিন্দারা দু’ভাগে বিভক্ত হয়ে গেছেন। মৌনির ভক্ত এবং নেটিজেনদের একটা বড় অংশ অভিনেত্রীর এই প্রতিক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য, তারকা হলেও তাঁদের একটা ব্যক্তিগত জীবন আছে। মেকআপ ছাড়া কোনও নারী যদি ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে জোর করে তাঁর ভিডিও করা রাইট টু প্রাইভেসি বা ব্যক্তিগত স্বাধীনতার চরম লঙ্ঘন। পাপারাৎজিদের এই ধরণের আচরণকে ‘পেশাদারিত্বের অভাব’ বলেও দাগিয়ে দিয়েছেন অনেকে।

অন্যদিকে, ট্রোলাররা আবার এই সুযোগে মৌনিকে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁদের দাবি, তারকারা যখন নিজেদের ছবি বা সিনেমার প্রচার চান, তখন তো পাপারাৎজিদের ডেকে ডেকে পোজ দেন। তাহলে মেকআপ ছাড়া ধরা পড়লে এত রাগ দেখানোর কী আছে!