সংবাদসংস্থা মুম্বই: পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ' ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ।

 

 

 

এই মহাকাব্যিক রূপান্তরে 'রাম' চরিত্রে থাকছেন রণবীর কাপুর, 'সীতা'র ভূমিকায় সাই পল্লবী, 'লক্ষ্মণ' হচ্ছেন রবি দুবে, 'কৌশল্যা'র ভূমিকায় লারা দত্ত এবং 'হনুমান' হচ্ছেন সানি দেওল।অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি-এর টেকনিক্যাল চমক থাকছে এই ছবিতে। 

 

 

 

ছবিতে 'রাবণ' হয়ে পর্দা কাঁপাবেন কেজিএফ-খ্যাত যশ। তাঁর বিপরীতেই দেখা যাবে কাজল আগরওয়ালকে। অর্থাৎ রাবণের স্ত্রী 'মন্দোদরী'র চরিত্রে অভিনয় করতে চলেছেন কাজল। একে একে সামনে আসছে ছবির চরিত্ররা‌। যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি ছবিতে চরিত্রদের প্রথম ঝলক। কিন্তু ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে 'রাম-সীতা' রূপে রণবীর ও সাই পল্লবীর লুক। 

 

 

 

এবার ছবি ঘিরে এল বড় খবর। 'রামায়ণ'-এ 'দেবাদিদেব মহাদেব'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা মোহিত রায়নাকে। 'দেব কী দেব মহাদেব'-এ শিবের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। আজও দর্শকের কাছে তাঁর অভিনীত এই চরিত্রটি প্রশংসিত হয়। টেলিভিশনের পর বিভিন্ন সিরিজেও দেখা গিয়েছে মোহিতকে। এবার আরও একবার পর্দায় শিবের চরিত্রে দর্শকের মন কাড়তে প্রস্তুত তিনি।