টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
রহস্যমৃত্যু বলিউড পরিচালকের
বলিউডের প্রবীণ পরিচালক, হৃতিক রোশনের এককালীন মেন্টর এম এম বেগের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মায়ানগরীতে। মুম্বইয়ের আবাসন থেকে উদ্ধার হয়েছে তাঁর পচাগলা দেহ। শুক্রবার সকালে মুম্বইয়ের একটি ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে প্রতিবেশীরা তাঁর ঘর থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং পরিচালকের নিথর দেহ উদ্ধার করে। একা থাকার কারণে তাঁর মৃত্যুর খবর সময়মতো কেউ জানতে পারেনি বলে মনে করা হচ্ছে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।
অসন্তুষ্ট সলমন খান
সলমন খানের বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনায় ক্ষুব্ধ খান পরিবার। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ৯০ বছর বয়সী এই কিংবদন্তির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের প্রকাশ্য বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করেছেন সলমন ও তাঁর পরিবারের সদস্যরা। গত ১৭ ফেব্রুয়ারি মৃদু মস্তিস্ক রক্তক্ষরণ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া বিস্তারিত তথ্যে খুশি নয় পরিবার। সূত্রের খবর, সলমন খান ও তাঁর ভাইয়েরা মনে করছেন স্বাস্থ্য সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। চিকিৎসকদের উচিত ছিল কোনও তথ্য দেওয়ার আগে পরিবারের অনুমতি নেওয়া।
রণবীরের হুমকির পিছনে কে?
লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় এবার বলিউডের ‘বাজিরাও’ রণবীর সিং। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে রণবীরের কাছে এসেছে হুমকি। সেখানে ছিল ১০ কোটি টাকার দাবিও। এই খবরটি প্রকাশ্যে আসতেই মায়ানগরীতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রণবীর সিং-এর ব্যক্তিগত টিমের কাছে এই তোলাবাজির চিঠি পাঠানো হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ কোটি টাকা না দিলে তার পরিণাম হবে ভয়াবহ। সূত্রের খবর, এই হুমকি বার্তার নেপথ্যে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। উল্লেখযোগ্য বিষয় হলো, যে নম্বর থেকে রণবীরকে ফোন বা মেসেজ করা হয়েছে, সেটি একটি আমেরিকার নম্বর বলে জানা গিয়েছে। বর্তমানে মুম্বই পুলিশ সেই আন্তর্জাতিক নম্বরটিকে নজরে রেখেছে। রণবীর সিং-এর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, এই ঘটনায় অভিনেতা বেশ উদ্বিগ্ন।
