মুম্বইয়ের মতো মায়ানগরীতে বিলাসবহুল এলাকায় থাকতে গেলে পকেটের রেস্ত যে ভাল-ই খসাতে হয়, তা সাধারণ মানুষ থেকে তারকা— সবারই জানা। কিন্তু সম্প্রতি বাড়ির পরিচারিকা এবং রাঁধুনি-দের পারিশ্রমিক নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়লেন ‘পিঙ্ক’ খ্যাত বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। কাজের লোকেদের বেতন নিয়ে ওঁর এই ‘কিপটেমি’র মানসিকতা মোটেও ভালো চোখে নেয়নি নেটদুনিয়ার একটা বড় অংশ। এমনকি ওঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে যোগ্য জবাব দিয়েছেন জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুর।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কীর্তি কুলহারি মুম্বইয়ের উচ্চবিত্ত এলাকা ‘ইয়ারি রোড’-এ ওঁর নতুন বাড়িতে শিফট করার অভিজ্ঞতা শেয়ার করছিলেন। সেখানে পরিচারিকাদের রেট শুনে ওঁর চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। কীর্তি বলেন, “আমি আমার ম্যানেজারের সাথেও এই বিষয়ে আলোচনা করছিলাম। আমি সম্প্রতি ইয়ারি রোডের একটা নতুন বাড়িতে এসেছি। এখানে রাঁধুনি আর পরিচারিকারা যে টাকা চাইছে, তা শুনে আমার মনে হল— এই রেটের কোনও মাথামুণ্ডু আছে? দিনে মাত্র দু’ঘণ্টার কাজের জন্য! যার মধ্যে ঘর ঝাড়ু দেওয়া, মোছা আর বাসন মাজা পড়ে,  সেটার জন্য ও ১০ হাজার টাকা চাইছে! আমি চেয়েছিলাম ওই দু’ঘণ্টার মধ্যে ঘরের ধুলো মোছা, কাচাকুচি এবং বাকি টুকটাক কাজও যেন ও একাই সামলে নেয়।”

 

কীর্তি আরও যোগ করে বলেন, “ও দিনে মাত্র দু’ঘণ্টা আসবে, নিজের ইচ্ছেমতো যতটুকু কাজ হয় করবে… আর তার জন্য ১০ হাজার টাকা নেবে কেন? ওই সময় আমার আর আমার ম্যানেজারের মনে হচ্ছিল— আমাদের মুখ (তারকাদের চেহারা) দেখে কি ওরা ভাবছে যে এদের তো অনেক টাকা, চলো একটু বেশিই চেয়ে নিই?”

কীর্তির এই সাক্ষাৎকারের ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন বার্তা বাক্সে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। সাধারণ পরিচারিকাদের পাশে দাঁড়িয়ে কীর্তিকে একহাত নেন মিনি মাথুর। তিনি কমেন্টে লেখেন, “একবার ভেবে দেখুন, ওদের ওই দু’ঘণ্টার শ্রম আমাদের কতটা নিশ্চিন্ত রাখে, যার ফলে আমরা নিজেরা ওই দু’ঘণ্টায় কত লক্ষ টাকা আয় করতে পারি! বিশ্বের যেকোনও প্রান্তে এটা ন্যূনতম মজুরিরও অনেক নীচে।”

মিনির পাশাপাশি কৌতুক অভিনেতা বিবেক সামতানিও কীর্তির এই হিসাবকে ট্রোল করে লেখেন, “এটা ঘণ্টায় বড়জোর ২ ডলার (প্রায় ১৬০-১৭০ টাকা)! সেটাও আপনার কাছে বড্ড বেশি মনে হচ্ছে?অপূর্ব!” সোশ্যাল মিডিয়ায় অনেকেই কীর্তিকে মনে করিয়ে দিয়েছেন যে, মুম্বইয়ের মতো ব্যয়বহুল শহরে ১০ হাজার টাকায় সংসার চালানো কতটা কঠিন, সেখানে একজন সেলিব্রিটি হয়ে এমন মন্তব্য করা অত্যন্ত অসংবেদনশীল।

সিনেমাপ্রেমীদের কাছে কীর্তি কুলহারি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী হিসেবেই পরিচিত। ‘জল’ (২০১৩), অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিঙ্ক’ (২০১৬), ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (২০১৯) এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন মঙ্গল’ (২০১৯)-এর মতো ব্লকবাস্টার ও প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন তিনি। ওঁর অভিনীত শেষ ছবি ছিল ‘ব্যাড অ্যাস রবি কুমার’। তবে অভিনয় দিয়ে যতটা প্রশংসা তিনি কুড়িয়েছিলেন, কাজের মাসিদের বেতন নিয়ে ওঁর এই মন্তব্য ওঁর জনপ্রিয়তায় কিছুটা হলেও দাগ ফেলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।