টলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে নিজের জায়গা পাকা করেছেন মিমি চক্রবর্তী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে অভিনেত্রী পাড়ি দিয়েছিলেন বলিউডেও। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'পোস্ত'র হিন্দি রিমেক 'শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী'। এই ছবির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল মিমির। মাঝে আর বলিউডে দেখা যায়নি তাঁকে। তবে এবার অভিনেত্রী নজর কাড়তে চলেছেন নেটফ্লিক্স-এর সিরিজে।
নেটফ্লিক্স-এ আসছে একগুচ্ছ ছবি ও সিরিজ। সেই ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। দর্শকের সামনে এসেছে বিভিন্ন ছবি ও সিরিজের প্রথম ঝলক। সেই তালিকায় রয়েছে 'হাম হিন্দুস্তানি'। মুক্তি পেয়েছে এই সিরিজের প্রথম ঝলক। সেখানে সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল মিমিকে। নেহরুযুগে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার ‘রাজসূয় যজ্ঞ’ কীভাবে সামাল দিয়েছিলেন এক বঙ্গসন্তান? সেই কাহিনিই ‘হাম হিন্দুস্তানি’ ছবিতে নেটফ্লিক্সের পর্দায় ফুটে উঠবে। আর সেই পিরিয়ড ড্রামাতেই সইফ, প্রতীক গান্ধীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন মিমি চক্রবর্তী।
গত বছরই শোনা গিয়েছিল, ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সইফ আলি খান। পরিচালক রাহুল ঢোলাকিয়ার এই সিরিজের শুটিং হয়েছে মুম্বই জুড়ে। মুক্তি পাওয়া টিজারে মিমিকে দেখা গেল একেবারে স্নিগ্ধ রূপে। বঙ্গ তনয়া রূপেই ধরা দিলেন অভিনেত্রী। শাড়ি, সিঁদুরের টিপে যেন বেশ অচেনা মিমি।
এই প্রথমবার হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যেতে চলেছে তাঁকে। টিজার সামনে এলেও কবে মুক্তি পাচ্ছে 'হাম হিন্দুস্তানি' তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। নিজেই এই সিরিজের টিজার সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মিমি। সইফের সঙ্গে তাঁকে দেখে দারুণ উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সমাজমাধ্যমে ভেসে এসেছে মিমির জন্য প্রশংসা বার্তা।
প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে মিমি চক্রবর্তীর নতুন সিরিজ 'কুইনস'। পরিচালনায় নির্ঝর মিত্র। এই সিরিজে উঠে আসছে প্রতিশোধের গল্প। মিমিকে দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেও।
