সম্প্রতি বিমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল মিমি চক্রবর্তীর। শুধু তাই নয়, নায়িকার জন্য এক বড় ত্যাগও করেন দাদা! কী ঘটেছে বিমানে এদিন নিজেই সবটা ফাঁস করলেন ছোটপর্দার 'পুপে'।
ইনস্টাগ্রামে রবিবার, ১ মার্চ সন্ধ্যায় একটি ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। সেখানে দেখা যাচ্ছে বিমানের উইন্ডো সিটে বসে আছেন নায়িকা। আর আইল সিটে সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁরা তিনজনেই রয়েছেন হাসিমুখে।
এই ছবিটি পোস্ট করে এদিন মিমি চক্রবর্তী জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জন্য নিজের বিজনেস ক্লাসের সিট ছেড়ে দিয়েছেন। গোটা অভিজ্ঞতা জানিয়ে নায়িক লেখেন, 'গতকাল রাতে বিমানের কেবল শেষ রো ফাঁকা ছিল। আর আমরা তাতেই হ্যাঁ বলি, বলতে বাধ্য হই কারণ বাড়ি ফিরতে হতো। আর এই মানুষটা এসে আমাদের সঙ্গে যোগ দেন তাও নিজের বিজনেস ক্লাসের সিট ছেড়ে।' মিমি এদিন আরও লেখেন, 'এবং অবশ্যই যাঁরা ওঁর সঙ্গে ছবি তুলতে এসেছেন সকলের সঙ্গে ছবি তুলেছেন। আর সবাই মানে সবার সঙ্গে। এমনকী কিছু প্রশ্নের উত্তরও দেন। এই দুনিয়া যেখানে নকল নম্রতা দেখানোর লোকের অভাব নেই, সেখানে ওঁর এই আচরণ মন ছুঁয়ে গিয়েছে। লেজেন্ড এমনই এমনই নন '
প্রসঙ্গত, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনে উপস্থিত রয়েছেন। মাঠে থেকে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচে দেশকে সমর্থন জানাচ্ছেন। তাঁর বায়োপিকের শুটিং শীঘ্রই শুরু হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। অভিনেতা কদিন দাদার বাড়িতে এসে থাকবেন, তাঁর জীবনযাপন, স্বভাব রপ্ত করবেন। জানা গিয়েছে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় বোমান ইরানি, অপরাজিতা আঢ্য প্রমুখ থাকবেন। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে থাকরবেন গজরাজ রাও। কিন্তু সৌরভ পত্নী ডোনার ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা! আগামী ১৬ মার্চ থেকে শুটিং শুরু হবে এই ছবির। এই ছবির পরিচালক হলেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সূত্রের খবর কলকাতাতেই এই ছবির অধিকাংশ শুটিং হবে। ইডেন গার্ডেন্স, এরিয়ান ক্লাব সহ ময়দানের বিভিন্ন মাঠেও হবে সিনেমার শ্যুটিং। একই সঙ্গে লন্ডন এবং মুম্বইতেও হবে এই ছবির শুটিং।
অন্যদিকে মিমি চক্রবর্তীকে দর্শক শেষবার 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিতে দেখেছেন। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটির প্রযোজনা করেছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজ। বক্স অফিসে মোটের উপর ভালই সাড়া পেয়েছিল সেই ছবি।
