দিল্লির ৪ বছর বয়সী একরত্তি অভিয়ান সাপ্রার অভিনয় এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। ডেটল-এর নতুন বিজ্ঞাপনে তার আবেগঘন পারফরম্যান্স দেখে চোখে জল আসেনি এমন দর্শক মেলা ভার। তবে এই খুদে প্রতিভার ‘অভিনয় গুরু’ কে জানেন? স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান!

 

বয়স মাত্র ৪ বছর, কিন্তু ক্যামেরার সামনে তার চোখের জল আর অভিব্যক্তিতে মজেছে গোটা দেশ। দিল্লির ছোট্ট অভিয়ান সাপ্রা এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডেটল’-এর একটি বিজ্ঞাপনে তার অভিনয় দেখে মুগ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও।বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, একটি বিয়ের বাড়ির ভিড়ে পড়ে গিয়ে চোট পায় ছোট্ট অভিয়ান। বড়দের সামনে সে শক্ত থাকলেও, মায়ের কাছে গিয়েই তার বাঁধ ভেঙে যায়। মায়ের চোখে জল আসার ভয়ে সে নিজের যন্ত্রণাকে আড়াল করার চেষ্টা করে— এই দৃশ্যটিই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। অভিনেত্রী রিধিমা পণ্ডিত ও করিশ্মা তান্না এই পারফরম্যান্স দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

 

অভিয়ানের বাবা-মা একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন যে, এই খুদে প্রতিভার অনুপ্রেরণা আসলে শাহরুখ খান। ভিডিওতে দেখা যাচ্ছে, ৪ বছরের অভিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে শাহরুখের ২০০৪ সালের কালজয়ী ছবি ‘বীর-জারা’। বাবা-মায়ের দাবি, শাহরুখের ছবি দেখেই সে আবেগঘন দৃশ্যে অভিনয় করতে শিখেছে!

 

ইতিমধ্যেই অভিয়ানের পরিবার একটি অনলাইন ‘পিটিশন’ শুরু করেছে যাতে শাহরুখ খান একবার এই খুদে ভক্তের সঙ্গে দেখা করেন। একটি ভিডিওতে অভিয়ানকে আধো-আধো গলায় বলতে শোনা যায়, “আমি তোমার অনেক বড় ভক্ত। আমার সঙ্গে দেখা করো। প্লেনে চড়ে এখানে চলে এসো, আমরা কথা বলব।” এই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি, স্ত্রী গৌরী খান এবং সন্তানদের ট্যাগ করে এই আরজি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

 

 

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’-র মতো ব্লকবাস্টার দেওয়ার পর শাহরুখ এখন ব্যস্ত সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিং নিয়ে। এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এখন দেখার, এই একরত্তি ভক্তের মিষ্টি ডাক কি শেষমেশ পৌঁছাবে মন্নতের মালিকের কানে? উত্তরের অপেক্ষায় দিন গুনছে অগুণতি নেটিজেন।