অভিনেত্রী মীনাক্ষী চৌধুরীর একটা সাম্প্রতিক মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি মজার সাক্ষাৎকারে তাঁর 'স্বপ্নের রাজকুমার'-এর ম্পর্কে কথা বলেছেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে। তিনি রসিকতা করে বলেন যে, তাঁর হবু স্বামীর অন্তত ১০০ একর জমি থাকতে হবে, তবে শুধু সম্পত্তি থাকলেই চলবে না। সেই ব্যক্তিকে রান্নাবান্না করা, কাপড় কাচা ও ইস্ত্রি করা-সহ ঘরের যাবতীয় কাজ জানতে হবে।
মীনাক্ষীর মতে, একজন জীবনসঙ্গীকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর নির্ভর না করে নিজের জীবন সামলানোর দক্ষতা থাকতে হবে। অনুরাগীদের কাছে তাঁর এই বক্তব্য একদিকে যেমন হাস্যকর মনে হয়েছে, অন্যদিকে তাঁরা মীনাক্ষীর এই চিন্তাধারাও প্রশংসাও করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে, বিয়ের ক্ষেত্রে কেবল ধনসম্পদ বা সামাজিক মর্যাদাই নয়, বরং কাজের প্রতি শ্রদ্ধা ও সমান অংশীদারিত্বই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এদিকে, বলিউডের কমেডি ঘরানার অন্যতম কাল্ট ক্লাসিক সিনেমা ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েল নিয়ে গত কয়েক মাস ধরেই অনুরাগী মহলে উত্তেজনা তুঙ্গে। অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়ালের সেই কালজয়ী ত্রয়ী আবারও রুপোলি পর্দায় ফিরছেন, যা শোনার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে 'কাউন্টডাউন'। তবে এবারের সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন দক্ষিণী ও হিন্দি ছবির তারকা মীনাক্ষী চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির শুটিং অভিজ্ঞতা এবং চিত্রনাট্য নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।
মীনাক্ষী জানিয়েছেন, ‘ভাগম ভাগ ২’-এর চিত্রনাট্য পড়ার সময় থেকেই তাঁর হাসি থামছিল না। তাঁর কথায়, "যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা পড়ি, আমার মনে হয়েছিল এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা নিখাদ হাসির উৎসব। অভিনেতা হিসেবে আমাদের কাজ দর্শককে আনন্দ দেওয়া, আর এই ছবিটা ঠিক সেটাই করবে।" তিনি আরও জানান যে, অক্ষয় কুমার এবং গোবিন্দার মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তাঁর জন্য এক স্বপ্নের মতো। সেটে তাঁদের স্বতঃস্ফূর্ততা এবং কমেডি টাইমিং দেখে অবাক হতে হয়।
দীর্ঘ ১৮ বছর পর ‘ভাগম ভাগ’-এর দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। আগের পর্বের সেই আইকনিক চরিত্রগুলো এবং মজার সব সংলাপ এখনও মানুষের মুখে মুখে ফেরে। মীনাক্ষীর মতে, এই সিক্যুয়েলটি আগের থেকেও বেশি মজাদার হতে চলেছে।
