বলিউডে মেধা আর অভিনয়ের সংজ্ঞাকে যিনি বারবার বদলে দিয়েছেন, তিনি মনোজ বাজপেয়ী। বাণিজ্যিক ছবির ইঁদুর দৌড়ে শামিল না হয়ে সবসময় শৈল্পিক আনন্দকেই অগ্রাধিকার দিয়েছেন এই ‘দ্য ফ্যামিলি ম্যান’ তারকা। সম্প্রতি ‘শেখর টুনাইট’ শো-তে এসে নিজের কেরিয়ারের শুরুর দিকের সংগ্রাম এবং কিংবদন্তি পরিচালক যশ চোপড়া-র সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করলেন তিনি।

সাক্ষাৎকারে মনোজ জানান, ১৯৯৮ সালে ‘সত্যা’ ছবিতে ‘ভিকু মাত্রে’ চরিত্রটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তা দিলেও, ইন্ডাস্ট্রির অধিকাংশ পরিচালক তাঁকে শুধু নেতিবাচক বা ভিলেনের চরিত্রেই কাস্ট করতে চাইতেন। কিন্তু বড় অঙ্কের পারিশ্রমিকের লোভ ত্যাগ করে তিনি অপেক্ষা করেছিলেন ভাল চিত্রনাট্যের। আর সেই অপেক্ষার মাঝেই ধরা দিয়েছিল ২০০৪ সালের ব্লকবাস্টার ছবি ‘বীর-জারা’-র সুযোগ।


মনোজ বাজপেয়ী জানান, যশ চোপড়া নিজে ফোন করে তাঁকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। মনোজের কথায়, “যশজি আমাকে ফোন করে বললেন, ‘আমার ছবিতে একটা ছোট্ট চরিত্র আছে, তুই করবি? ‘পিঞ্জর’  দেখার সময় আমার মনে হয়েছিল যে এই চরিত্রে অভিনয় তুই ছাড়া আর কেউ করতে পারবে না’।”

যশ চোপড়ার মতো একজন এত বড় পরিচালকের সঙ্গে কাজ করা ছিল মনোজের স্বপ্ন। তাই চিত্রনাট্য শোনারও প্রয়োজন বোধ করেননি তিনি। মনোজ বলেন, “আমি ওঁকে বলেছিলাম, যশজি চিত্রনাট্য শোনার দরকার নেই। আপনি শুধু বলুন কবে আসতে হবে। এক লাইনে চরিত্রটা বুঝিয়ে দিন, আমি প্রস্তুতি নিয়ে চলে আসব।” যদিও পরে আদিত্য চোপড়া তাঁকে পুরো দৃশ্যটি বুঝিয়ে দিয়েছিলেন।

শুটিংয়ের সময় মনোজ বাজপেয়ী হাসিমুখে যশ চোপড়াকে অনুরোধ করেছিলেন যাতে ভবিষ্যতে কোনও বড় চরিত্রে তাঁকে কাস্ট করা হয়। কিন্তু যশ চোপড়া যে উত্তরটি দিয়েছিলেন, তা মনোজকে মুগ্ধ করেছিল ওঁর সততার জন্য। যশজি বলেছিলেন, “বাবু, আমি ঠিক তোর মতো (সিরিয়াস) অভিনেতাদের জন্য ছবি বানাই না। আর আমার ছবিতে যে ধরণের চরিত্র থাকে, সেগুলো তো তুই করতে চাইবি না। তাই আপাতত এই কাজটাই মন দিয়ে কর।”

মনোজ বাজপেয়ী জানান, যশ চোপড়া কোনও মিথ্যে প্রতিশ্রুতি দেননি, এটাই ছিল ওঁর মহানুভবতা।

 

মনোজ চেয়েছিলেন প্রিয় পরিচালকের জন্য এই কাজটি বিনা পারিশ্রমিকে করতে। কিন্তু যশ চোপড়া তাতে রাজি হননি। সেই বিষয়টি নিয়েও খোলাখুলি কথা বলেছেন মনোজ- “আমি ওঁকে বলেছিলাম আমি কোনও ফি নেব না। কিন্তু উনি জোর দিয়েছিলেন। বিশ্বাস করুন, যশ চোপড়া আমাকে সেই পরিমাণ টাকাই পারিশ্রমিক হিসেবে পাঠিয়েছিলেন, যা আমি সে সময় কোনও ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য নিতাম।”

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘বীর-জারা’ ছবিতে শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং রানি মুখোপাধ্যায় প্রধান চরিত্রে থাকলেও, মনোজ বাজপেয়ীর সেই ক্যামিও উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। অমিতাভ বচ্চন, অনুপম খের এবং হেমা মালিনীর মতো তারকাদের ভিড়েও মনোজ নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন।