‘দ্য ফ্যামিলি ম্যান’ মানেই টানটান উত্তেজনা, দেশপ্রেম আর পারিবারিক জটিলতার এক দুর্দান্ত মিশেল। 'শ্রীকান্ত তিওয়ারি'র চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় আর রাজ ও ডিকে-র পরিচালনার জাদুতে মজেছে গোটা ভারত। এতদিন ভক্তদের মনে সংশয় ছিল, কিন্তু এবার স্বয়ং ‘শ্রীকান্ত তিওয়ারি’ অর্থাৎ মনোজ বাজপেয়ী সিলমোহর দিলেন—আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’!

অপেক্ষার অবসান। ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম সফল সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর চতুর্থ সিজন নিয়ে মুখ খুললেন মূল অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি নিশ্চিত করেছেন যে, আরও একবার গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারির বেশে পর্দায় ফিরছেন তিনি। সিজন ৩-এর সেই শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের পর দর্শকদের মনে যে প্রশ্নগুলো দানা বেঁধেছিল, চতুর্থ সিজনে তার উত্তর পাওয়ার অপেক্ষায় গোটা ভারত।

 

মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৪-এর কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং এই সিজনটি আগের চেয়েও বেশি অ্যাকশন ও ড্রামায় ভরপুর হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও রিলিজ ডেট নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, নতুন সিজন আসতে অন্তত ১ থেকে ২ বছর সময় লাগতে পারে। সিরিজটি এখানেই শেষ হবে কি না, তা নিয়ে জোর জল্পনা চললেও নির্মাতারা এখনো মুখ খোলেননি।

এক নজরে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর যাত্রা -
সিজন ১ (২০১৯): শ্রীকান্ত তিওয়ারির দ্বৈত জীবনের সাথে পরিচয়। ‘মিশন জুলফিকার’ রুখে দিয়ে সন্ত্রাস দমনে সফল হওয়া এবং ব্যক্তিগত জীবন ঠিকঠাক রাখার আপ্রাণ লড়াই।

সিজন ২ (২০২১): সামান্থা রুথ প্রভুর (রাজি) এন্ট্রি। ব্যক্তিগত টানাপোড়েন, আইটি জবের চেষ্টা এবং এয়ার অ্যাটাক ঠেকানোর সেই রোমহর্ষক ঘটনা।

সিজন ৩ (২০২৫): উত্তর-পূর্ব ভারতে ভূ-রাজনৈতিক অস্থিরতা। জয়দীপ আহলাওয়াত ও নিমরত কৌরের শক্তিশালী অভিনয়। শ্রীকান্তের মেন্টরের মৃত্যু এবং ‘রুকমা’র পালিয়ে যাওয়ার সেই শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স।

কেন সিজন ৪ নিয়ে এত আগ্রহ?
তৃতীয় সিজন শেষ হয়েছে এক বিরাট বাঁকে। শ্রীকান্ত মারাত্মক আহত, আর খলনায়ক রুকমা-ও পলাতক। সিজন ৪-এ প্রশ্ন জাগছে—শ্রীকান্ত কি বাঁচবে? সে কি তার পরিবারের সাথে বাকি সময়টা শান্তিতে কাটাতে পারবে, না কি আরও বড় কোনও জাতীয় সঙ্কটের মুখোমুখি হতে হবে? সাসপেন্স, ইমোশন আর অ্যাকশনের যে কম্বিনেশন এই সিরিজে রয়েছে, তা সিজন ৪-এ কোন উচ্চতায় পৌঁছায়, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।