প্রয়াত অনীক দত্ত। ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। এদিন এই দুঃসংবাদ পাওয়ার পরই হাসপাতালে ছুটে আসেন তাঁর সহকর্মী তথা অভিনেত্রী মানসী সিনহা। সেখান থেকেই কথা বললেন আজকাল ডট ইনের সঙ্গে। 

অনীক দত্তের প্রয়াণের বিষয়ে তিনি বলেন, "এটা আত্মহত্যা নিশ্চিত। কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু এখন এর বেশি কিছু বলতে পারব না যতক্ষণ না চিকিৎসকরা কিছু বলছেন।"

গত ২২ মে ছিল অনীক দত্তের জন্মদিন। সেদিনই শেষবার মানসী সিনহার সঙ্গে কথা হয় তাঁর। কী কথা হয়েছিল? বর্ষীয়ান অভিনেত্রী বলেন, "আমার সঙ্গে ওঁর শেষ কথা হয়েছে ওঁর জন্মদিনের দিন। তখন বলল, 'আমি নতুন কাজ শুরু করছি। কী জানি শেষ করতে পারব কিনা।' আমি আবার বললাম কেন পারবে না? আসলে এর আগে একটা কাজ করতে গিয়ে মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তো, সেটাই ভাবছিলেন। আমি আবার মজা করলাম। ইয়ার্কি করে বললাম, আমার জন্য তুমি রোল রাখোনি, কী অন্যায় কথা! এটা নিয়ে খানিক হাসাহাসি হল। আমি বললাম ঠিক আছে, ১০০ বছরের জন্মদিনের পার্টিতে তুমি আমায় কথা দেবে যে তুমি আমার জন্য একটা রোল লিখবে। কত মজা হল, আর উনি চলে গেলেন।" 

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। আজ সন্ধেবেলায় অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। আবাসনে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

এদিন অনীক দত্তর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে ডেপুটি কমিশনার সৈকত ঘোষ সংবাদমাধ্যমকে জানান তাঁরা একটি সুইসাইড নোট পেয়েছেন। কী আছে তাতে? এই বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর জবাব, "অস্বাভাবিক মৃত্যুর কেস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত চলছে। আমরা ময়নাতদন্ত করাব। টিম এসে কিছু স্যাম্পেল সংগ্রহ করেছে। ফরেনসিক করানো হবে এই জায়গার। একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওর ভিতরে কী আছে সেটা এখনই বলা যাবে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।"