রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলেন টলি তারকারা। মঙ্গলবার রাজভবনে দেখা মিলল রূপা গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, মমতা শঙ্কর, পাওলি দাম, সৌরসেনী মৈত্র সহ আরও অনেকে। 

এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীলেখার পোস্টার বিতর্ক নিয়ে এদিন কথা উঠলে অভিনেত্রী মমতা শঙ্কর বলেন, "আমরা সবার উপরে আগে মানুষ। প্রত্যেক মানুষের, মানুষ হিসেবে একে অন্যের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। সেখানে একজন প্রধানমন্ত্রী, তিনি তো হাজার হলেও একজন পদে আছেন, একটা জায়গায় আছেন।‌ তাঁকে ছোট করার অধিকার আমাদের কারওর নেই।"

মমতা শঙ্কর আরও বলেন, "আমাদের বলতে দিলে, আমাদের সবার অনেক বক্তব্য থাকে। কিন্তু আমাদের যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হত, তাহলে বুঝতাম কী অবস্থা। আমাদের একটা বাড়ি সামলাতে কতটা অসুবিধা হয়, সেখানে কয়েকজন মাত্র থাকেন। তাতেই নানা মুনির নানা মত। এটা তো একটা দেশ, তাহলে কী পরিস্থিতি। একদিকে বন্যা হচ্ছে, একদিকে যুদ্ধ হচ্ছে, একদিকে হঠাৎ করে স্টুডেন্টরা জেগে উঠেছে। তাতে আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। সবদিক থেকে আমাদের মাথায় রাখতে হবে, সবার প্রতি সবার একটু শ্রদ্ধা যেন বজায় থাকে।"

প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি কুরুচিকর পোস্টার প্রকাশ্যে প্রদর্শন এবং তা গর্বের সঙ্গে তুলে ধরার অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে সরাসরি আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি-র মুখপাত্র কেয়া ঘোষ। বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৮টি পুলিশি অভিযোগ দায়ের হয়েছে!শুধু অভিযোগ দায়ের করাই নয়, অবিলম্বে অভিনেত্রীকে গ্রেফতারের জোরালো দাবিও তুলেছেন এই বিজেপি নেত্রী। এছাড়াও একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ দায়ের হয়েছে।