টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

গভীর রাতে হর্ষের সঙ্গে এক ফ্রেমে মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার শেষ নেই। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর নাম জড়িয়েছে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে। যদিও দু'জনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবুও একসঙ্গে তাঁদের একাধিকবার দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এবার ফের একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন মালাইকা ও হর্ষ। সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে রাতের আড্ডায় দেখা যায় মালাইকাকে। তাঁর সঙ্গে ছিলেন গুঞ্জনের প্রেমিক হর্ষ মেহতা। শুধু তাই নয়, মালাইকার ছেলে আরহান খান, অভিনেত্রী আন্যা সিং এবং আরও কয়েকজন বন্ধুও এই আড্ডায় যোগ দিয়েছিলেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সকলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিতে দেখা যায়, মালাইকা সাদামাটা কিন্তু স্টাইলিশ পোশাকে হাজির ছিলেন। হর্ষও ছিলেন ক্যাজুয়াল লুকে। ক্যামেরা এড়ানোর চেষ্টা করলেও তাঁদের একসঙ্গে দেখে ফের শুরু হয়েছে সম্পর্ক নিয়ে আলোচনা। 

'আদিপুরুষ'-এর জন্য কেন দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মনোজ মুন্তাশির?

মুক্তির তিন বছর পরও 'আদিপুরুষ' ছবিকে ঘিরে বিতর্কের রেশ কাটেনি। এবার সেই ছবির সংলাপ ও গানের লেখক মনোজ মুন্তাশির প্রকাশ্যে স্বীকার করলেন, এই ছবিতে কাজ করাই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। শুধু তাই নয়, ছবিকে সমর্থন করাও আরও বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বলেন, "'আদিপুরুষ' আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ছবিকে রক্ষা করার চেষ্টা করা ছিল আরও বড় ভুল।" তিনি জানান, ছবি মুক্তির পর যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে তিনি আজও লজ্জিত। এমনকি তিনি দেশবাসীর কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়েছেন। মনোজ আরও জানান, তাঁর স্ত্রী নীলম মুন্তাশির তাঁকে আগেই সতর্ক করেছিলেন। ছবির মুখপাত্র হয়ে বিতর্কের জবাব না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কারণ তিনি শুধু সংলাপ ও গান লিখেছিলেন, ছবির অন্যান্য সৃজনশীল সিদ্ধান্ত তাঁর হাতে ছিল না। কিন্তু স্ত্রীর কথা না শুনেই তিনি প্রকাশ্যে ছবির পক্ষে কথা বলেছিলেন, যা পরে ভুল সিদ্ধান্ত বলে মনে হয়েছে তাঁর। তিনি বলেন, প্রথমদিকে মানুষের সমালোচনাকে গুরুত্ব দেননি। কিন্তু দু'দিনের মধ্যেই বুঝতে পারেন, দর্শকদের ক্ষোভ অমূলক ছিল না। বিশেষ করে ছবির কিছু সংলাপ এবং রামায়ণের চরিত্রগুলির উপস্থাপনা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এখন সেই সংলাপগুলির দিকে ফিরে তাকালে তাঁর নিজেরই লজ্জা লাগে।

বিচ্ছেদের গুচ্ছন উড়িয়ে নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য

বচ্চন পরিবারের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সম্পর্কের জল্পনা নতুন নয়। গত কয়েক মাসে তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই সব জল্পনার মাঝেই নিউইয়র্কে একসঙ্গে দেখা গেল এই তারকা দম্পতিকে। অনুরাগীর সঙ্গে তোলা একটি সেলফি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি নিউইয়র্কের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য। সেই সময় এক অনুরাগী তাঁদের দেখে সেলফি তোলার অনুরোধ করেন। দু'জনেই হাসিমুখে সেই অনুরোধ রাখেন। পরে সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, অভিষেক বচ্চন ক্যাজুয়াল টি-শার্ট, ক্যাপ এবং দাড়িওয়ালা লুকে রয়েছেন। অন্যদিকে, ঐশ্বর্যকে পরেছিলেন অল-ব্ল্যাক পোশাক। দু'জনকেই বেশ স্বচ্ছন্দ ও হাসিখুশি দেখাচ্ছিল। তাঁদের এই স্বাভাবিক উপস্থিতি দেখে অনুরাগীদের অনেকেই মন্তব্য করেছেন, "দু'জনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে।"