দর্শকের কাছে মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই।‌ তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। বিভিন্ন ওটিটি ও চ্যানেলের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব।‌ এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। এই ধরনের প্রজেক্টকে 'ভার্টিকাল সিরিজ' নাম দিয়েছেন নির্মাতারা। 

সম্মান রায়ের পরিচালনায় আসছে এরকমই একটি ভার্টিকাল সিরিজ। প্রযোজনায় অনন্ত শ্রীবাস্তব ও জিরো ওয়ান স্টুডিও। জিরো ওয়ান স্টুডিওর প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। নাম, '#মিটু'। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ঢোলকে। এই সিরিজের গল্পে তিনি একজন বাইক অ্যাপ ড্রাইভার। তাঁর জীবনের টানাপোড়েন থেকে শুরু করে দৈনন্দিন প্রতিকূল পরিস্থিতি সবটাই উঠে আসবে গল্পে। এই সিরিজের মাধ্যমে একটি সামাজিক বার্তা দিতে চেয়েছেন পরিচালক। 

শুধুমাত্র মেয়েরাই যে হেনস্থার শিকার হয় না, তালিকায় ছেলেদের নামও রয়েছে-এই বার্তাই ফুটে উঠবে এই ভার্টিকাল সিরিজে। জানা যাচ্ছে, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে। ১০ মার্চ মুক্তি পেতে চলেছে '#মিটু'। মৈনাকের সঙ্গে সিরিজের গল্পে অভিনয়ে রয়েছেন অর্পিতা দে ও অভিষেক ভৌমিক। 

এই প্রথমবার ভার্টিকাল সিরিজে দেখা যেতে চলেছে মৈনাককে। তাঁর কাছে এই চরিত্রটি একদম নতুন ও বেশ চ্যালেঞ্জিং। এই মুহূর্তে দর্শক মৈনাককে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'সুদেব'। গ্রামের সহজ-সরল ছেলে সে। এই চরিত্রে অভিনয় করে মৈনাক মন জয় করেছেন দর্শকের। এর আগেও বহু ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। এবার পালা নতুন কিছু পরখ করার। তাই এই ভার্টিকাল সিরিজের সুযোগ হাতছাড়া করেননি অভিনেতা।