এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য় 'সুদেব'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা মৈনাক ঢোলকে। এই চরিত্রের মাধ্যমে বরাবরের মতোই দর্শক মহলে ভালবাসা পাচ্ছেন তিনি। সম্প্রতি মৈনাক কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও।
বিভিন্ন ওটিটি ও চ্যানেলের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। এই ধরনের প্রজেক্টকে 'ভার্টিকাল সিরিজ' নাম দিয়েছেন নির্মাতারা।
সম্মান রায়ের পরিচালনায় আসছে এরকমই একটি ভার্টিকাল সিরিজ। প্রযোজনায় অনন্ত শ্রীবাস্তব ও জিরো ওয়ান স্টুডিও। জিরো ওয়ান স্টুডিওর প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। সিরিজের নাম, 'গোলাপ'। এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন মৈনাক। গল্পে মৈনাকের বিপরীতে দেখা যাবে, অভিনেত্রী বৈশাখী দামকে। গল্প এগোবে নায়ক-নায়িকার প্রেম, প্রত্যাখ্যান, আবেগকে কেন্দ্র করে। একটু অন্যরকম ভালবাসার গল্পে টুইস্টও আছে বলে জানা যাচ্ছে। দু'টি এপিসোডে শেষ হবে মৈনাক-বৈশাখীর 'গোলাপ'।
প্রসঙ্গত, 'কনে দেখা আলো' ধারাবাহিকে গ্রামের সহজ-সরল ছেলের চরিত্রে মৈনাক। এই চরিত্রে অভিনয় করে মৈনাক মন জয় করেছেন দর্শকের। যদিও বর্তমানে স্ত্রী লাজবন্তীর সঙ্গে তার তেমন বনিবনা নেই। বনলতার সঙ্গে লাজুর ক্ষতি করতে হাত বাড়িয়েছে সে-ও। তবুও সুদেবের সরলতাই তার চরিত্রের চাবিকাঠি। এর আগেও বহু ধারাবাহিকে দেখা গিয়েছিল মৈনাককে। এবার পালা নতুন কিছু পরখ করার। তাই এই ভার্টিকাল সিরিজের সুযোগ হাতছাড়া করেননি অভিনেতা।















