চার দশকের অভিনয়জীবনে দু’টি ধারাকেই কাছ থেকে দেখেছেন তিনি। সদ্য আসন্ন ডার্ক-কমেডি ‘মা বহন’-এর প্রচারে এসে কী বললেন মাধুরী? 

নেটফ্লিক্সের নতুন ডার্ক-কমেডি ‘মা বহন’ আগামী ৪ জুন মুক্তি পাচ্ছে। সুরেশ ত্রিবেদীর পরিচালনায় তৈরি এই ছবি নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে৷ 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, 'ড্রামার ক্ষেত্রে আপনি একটি আবেগের ভিতরে সারাদিন ডুবে থাকতে পারেন;  একই মেজাজ ধরে রাখা যায়। কিন্তু কমেডিতে সেটা চলে না।"

 তাঁর কথায়, “প্রতিটি টেক, প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি হতে হবে যেন প্রথমবারের মতো, তাজা।” কুড়িটি টেকের পরেও পাঞ্চলাইনে দর্শক যাতে চমকে হাসে, সেটাই কমেডির আসল চ্যালেঞ্জ। টাইমিং, চোখের ভাষা, কণ্ঠস্বরের ছন্দ, সব একসঙ্গে মেলাতে হয় বারবার।


‘মা বহন’-এ মাধুরী অভিনয় করছেন এক মায়ের ভূমিকায়, নাম রেখা। তাঁর বক্তব্য, এই মা একেবারেই বলিউডের চিরাচরিত মা নন। তিনি দুষ্টু, আবেগপ্রবণ, রক্তমাংসের মানুষ। বলিউডের ‘মায়ের আসন’-এ চিরকাল ‘ত্যাগ ও সহনশীলতা’-র পবিত্র মূর্তি বসানো হয়েছে; মাধুরী মনে করেন, এবার সেই ভাবমূর্তি ভাঙা প্রয়োজন। মা-ও তো একজন মানুষ, তাঁরও আবেগ-ইচ্ছা-কামনা থাকে, এই চরিত্র সেই কথাই বলে৷ 

ছবিতে মাধুরীর দুই কন্যার ভূমিকায় তৃপ্তি দিমরি ও ধর্ণা দুর্গা। আত্মীয়ের মৃতদেহ লুকিয়ে রাখতে গিয়ে এক পরিবারের জীবন কীভাবে উথাল পাতাল হয় এই গল্পকে সেই ঘটনাকে ঘিরে৷ সঙ্গে আছেন রবি কিষাণ, গীতাঞ্জলি কুলকার্নি, অরুণোদয় সিং, শার্দূল ভরদ্বাজ।