'লক্ষ্মী ঝাঁপি'তে বিরাট মোড়। এবার দীপের বাবাকে বাঁচাতে গিয়ে বিপাকে পড়বে ঝাঁপি? সম্প্রতি সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় এমনটাই আঁচ করছেন দর্শক। প্রোমোয় দেখা যাচ্ছে, দীপ ও ঝাঁপির প্রথম বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে। ঘরোয়া আয়োজনেই সবাই মেতে উঠেছে দীপ-ঝাঁপির বিবাহবার্ষিকীতে। দু'জনের রোমান্টিক নাচ দেখে চোখ ফেরাতে পারছে না বাড়ির লোক। এর মাঝেই বিপদের আঁচ পায় ঝাঁপি।
রান্নাঘরে যেতে গিয়ে সে দেখে রণিত সেখানে দাঁড়িয়ে কিছু ষড়যন্ত্র করছে। আসলে রণিত দীপের বাবার পায়েসের বাটিতে বিষ মিশিয়ে দেয়। ঝাঁপি রণিতের ষড়যন্ত্র নিয়ে সন্দেহ করতে শুরু করলেও কিন্তু ধরতে পারেনি সে কী কারসাজি করেছে! ঝাঁপি কি ধরতে পারবে রণিতের ষড়যন্ত্র? নাকি বিপদের মুখে পড়বে দীপের বাবা? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল ঝাঁপির ব্যাঙ্ক, লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স বন্ধের মুখে। নকল এটিএম কার্ডের সাহায্যে এই ব্যাঙ্কের কয়েক কোটি টাকা চুরি হয়ে গিয়েছে। আর এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিল ঝাঁপি। কিন্তু পাশে ঢাল হয়ে দাঁড়ায় দীপ। বলে ভেঙে পড়লে চলবে না, তাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেই সময়ই তারা পরিকল্পনা করে কী করে ইনকাকে হাতেনাতে ধরবে। দীপ, ঝাঁপি গোটা পুলিশের টিম নিয়ে ইনকার ডেরায় পৌঁছায়। তারপরই সুযোগ বুঝে গুলি চালিয়ে দেয় ঝাঁপির উপর। কিন্তু ঝাঁপি শেষমেশ বেঁচে ফেরে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, একদিকে সৌরভ এবং শুভস্মিতার প্রেমের জল্পনা, অন্যদিকে ধারাবাহিকে একের পর এক চমক আসার কারণে এটি টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে। 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছ'টায় সম্প্রচারিত হয়।















