বউকে বিয়ের মণ্ডপে দেখে কী করবে ছোটপর্দার নায়ক? হইচই শুরু সমাজমাধ্যমে। যদিও এটা বাস্তবে নয়, বরং ঘটতে চলেছে টেলিভিশনের পর্দায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'র প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে এমনটা। দেখা যাচ্ছে, দীপকে শায়েস্তা করতে ঝাঁপির বিয়ের আয়োজন করে তার বাড়ির লোক। এদিকে ঝাঁপি মনে মনে ভাবে দীপের কি রাগ ভাঙবে এবার?
এর মধ্যেই ঋষভের সঙ্গে ঝাঁপির বিয়ের আয়োজন হয়। ঋষভ যেই ঝাঁপিকে সিঁদুর পরাতে যায়, তখনই দীপ এসে হাজির হয়। দীপ জানায় এই বিয়ে সে কিছুতেই হতে দেবে না। তখনই বিয়ের মণ্ডপে আসে দীপের মা ও ইনকা। দীপের মা জানায় এই মণ্ডপেই বিয়ে হবে তবে সেটা ইনকা ও দীপের। ইনকাকে বিয়ে করতে হবে শুনে প্রথমেই না বলে দেয় দীপ। কিন্তু তার মা হুমকি দেয় ইনকাকে বিয়ে না করলে সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবে। মাকে সামলাতে কি সত্যিই ইনকাকে বিয়ে করবে দীপ?
আসলে ইনকা জানায় সে সে নাকি অন্তঃসত্ত্বা। কিন্তু ইনকার এই মিথ্যেটা এখনও ধরতে পারেনি কেউই। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল কোর্ট চত্বরে মুখোমুখি দীপ ও ঝাঁপি। দীপ যখন তার থেকে জানতে চায় কেন সে ডিভোর্স পেপারে সই করল না, ঝাঁপি জানায় কোনও মিথ্যে দোষ নিয়ে সে সংসার ছাড়বে না। বরং সে উল্টে প্রমাণ করে দেবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। কিন্তু সেখানেই ইনকার এন্ট্রি হয়। সে ঝাঁপিকে জানায়, দীপের মনে ওর জন্য আর কোনও অনুভূতি নেই। তবে এই কথা শুনে দমে যায় না নায়িকা।
ঝাঁপি ইনকাকে পাল্টা জবাব দিয়ে জানায়, সে কিছুতেই তাকে সফল হতে দেবে না। তার শ্বশুর বাড়ি দখল করতে দেবে না। বরং সে প্রাণ দিয়ে হলেও তার ভালবাসার মানুষদের আগলে রাখবে। তাই ইনকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে। এদিকে, ইনকাকে কিছুই বলে না সে। বরং রেগে গিয়ে দীপ জানায়, ডিভোর্স সে দিয়েই ছাড়বে। অন্যদিকে, ঝাঁপিও জানায়, এই ডিভোর্স সে হতে দেবে না। এবার গল্পের মোড়ে কী হবে? দেখার অপেক্ষায় দর্শক।
















