'লোকে বলে', এসভিএফ মিউজিক এর এই গানে দেখা যাবে নুসরত ফারিয়াকে৷ গরমের এই দাবদাহে নাচে গানে আরেকটু উত্তাপ ছড়াবেন নুসরত ফারিয়া৷ 

এসভিএফ মিউজিক এর নিবেদন 'লোকে বলে'। নুসরাত ফারিয়ার এই জমজমাট গান মুক্তি পাচ্ছে ২৬শে মে।  ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ডান্স সিঙ্গেল হিসেবে বিবেচিত এই ট্র্যাকটিতে কমার্শিয়াল বিটস এবং অসাধারণ ভিজ্যুয়ালের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে৷ 

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আলমুকতাদির এবং গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন প্রখ্যাত কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব।  দৃষ্টিনন্দন এবং বিনোদনের সংমিশ্রণ যাঁর স্বকীয়তা৷ 

‘পটাকা’, ‘আমি চাই থাকতে’, এবং ‘হাবিবি’-র মতো জনপ্রিয় গানগুলির পর এই গানটি এসভিএফ মিউজিকের সঙ্গে নুসরাত ফারিয়ার পঞ্চম কাজ 'লোকে বলে'। 

 ভরপুর নাচের গান হিসেবেই দর্শকদের মনোরঞ্জন করবে 'লোকে বলে'। গানটিতে রয়েছে জমকালো ভিজ্যুয়াল, আকর্ষণীয় সুর এবং রিদম। যা এই সময় দর্শকদের মনোরঞ্জন করবে বলেই আশা করছেন নির্মাতারা৷ 

 নুসরাত ফারিয়া বলেন, "এসভিএফ মিউজিকের সঙ্গে প্রতিটি কাজেই দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি৷ লোকে বলে আমার জন্য আরও একটি দারুণ উত্তেজনাপূর্ণ প্রজেক্ট। এটি প্রাণবন্ত, উচ্ছল এবং এর মধ্যে এমন এক আমেজ রয়েছে যা আপনাকে সঙ্গে সঙ্গে নাচতে উৎসাহিত করবে। গানের শুটিংয়ে আমার দারুণ সময় কেটেছে। দর্শকরা গানটি উপভোগ করছেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

 ২৬শে মে এসভিএফ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সমস্ত প্রধান অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'লোকে বলে'।