দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় শোকের ছায়া। তামিল সিনেমার ধারা বদলে দেওয়া কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও প্রখ্যাত অভিনেতা ভারতীরাজা আর নেই। বুধবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যা এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। ওঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ওঁর শেষকৃত্য নিয়ে বিস্তারিত খবরের অপেক্ষায় রয়েছে ওঁর পরিবার ও অনুরাগীরা।

তামিল ফিল্ম প্রডিউসার্স কাউন্সিল (TFPC)-এর পক্ষ থেকে এই খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁদের শোকবার্তায় জানানো হয়— “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং অন্যতম প্রবীণ সদস্য, কিংবদন্তি পরিচালক ভারতীরাজা আজ ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।”



অন্দরমহলের খবর, ওঁর কেরিয়ারের উজ্জ্বলতার আড়ালে ব্যক্তিগত জীবনটা বিগত কয়েক বছর ধরে এক চরম ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল। গত ২০২৪ সালের মার্চ মাসে ওঁর একমাত্র পুত্র, অভিনেতা মনোজ ভারতীরাজা মাত্র ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের এই আকস্মিক ও অকালমৃত্যুর ধাক্কা সইতে পারেননি প্রবীণ পরিচালক।  মনোজের শেষকৃত্যের সময় একদা কড়া ব্যক্তিত্বের এই পরিচালকের ভেঙে পড়ার দৃশ্য কাঁদিয়েছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সেই শোকের পর থেকেই ওঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে। গত বছর ডিসেম্বরেও তীব্র শ্বাসকষ্ট এবং হুইজিংয়ের সমস্যা নিয়ে চেন্নাইয়ের টি নগরের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ওঁকে।” 



ভারতীরাজার মৃত্যুর খবর পেয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও রাজনীতিক খুশবু সুন্দর। সামাজিক মাধ্যম এক্স -এ একটি আবেগঘন পোস্টে তিনি লেখেন— “ভারতীরাজা স্যারের চলে যাওয়া তামিল সিনেমার আকাশে এক কালো মেঘের মতো গ্রাস করল। ওঁর কাজ সবসময় আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।” ওঁর প্রয়াণে কমল হাসন থেকে শুরু করে রজনীকান্তের মতো তারকারাও শোকস্তব্ধ।‘ 

১৬ ভায়াথিনিলে’ থেকে ‘মহারাজা’: চার দশকের রাজকীয় সফর দক্ষিণী সিনেমায় ভারতীরাজার অবদান ছিল অতুলনীয়। সিনেমার সেটকে স্টুডিওর চার দেয়াল থেকে বের করে গ্রামের মাটির কাছাকাছি, প্রাকৃতিক লোকেশনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। আর এই অনন্য কাজের জন্যই তামিল সিনেপ্রেমীরা ওঁকে ভালবেসে ‘আইয়াকুনার ইমায়াম’ বা ‘পরিচালনার হিমালয়’ উপাধিতে ভূষিত করেছিলেন। তাঁর সেরা পরিচালিত ছবির তালিকায় থাকবে ‘কিঝাকে পোগুম রেল’, ‘সিগাপ্পু রোজাক্কাল’, ‘আলাইগাল ওইভাথিলি’, ‘কাদাল ওভিয়াম’ এবং ‘মুদাল মারিয়াথাই’।

শেষ পরিচালনা প্রাইম ভিডিও-র অ্যান্থোলজি সিরিজ ‘মডার্ন লভ চেন্নাই’-এর ‘পারভাই কুটিল ভাজুম মাঙ্গাল’। আইকনিক অভিনয় আয়ুথা এজুথু, পান্ডিয়ানাড়ু, ঈশ্বরন, তিরুচিত্রাম্বলম এবং সদ্য মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘মহারাজা’।পরিচালনার পাশাপাশি অভিনেতা হিসেবেও তিনি ওঁর শেষ বয়সে দাপিয়ে কাজ করেছেন। মালায়লাম তারকা মোহনলালের সঙ্গে ওঁর ছবি ‘তুদারুম’-এ ওঁর অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছিল। তবে অভিনেতা হিসেবে ওঁর মুক্তি না পাওয়া সিনেমা ‘পুলাভার’ -ই হতে চলেছে ওঁর জীবনের শেষ রূপোলি পর্দার কাজ। ওঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের একটা আস্ত অধ্যায় শেষ হল।