ভারতে এই মুহূর্ত যেন জেন-জি’র (তরুণ প্রজন্ম) মুহূর্ত। আন্দোলনে, দাবিতে, আলোচনায় কিংবা হাসিতে বারবার উঠে আসছে এ দেশের তরুণ প্রজন্মের কথা। পিছিয়ে নেই বিতর্কও। তবুও দেশের তারুণ্যের দল যেন অপ্রতিরোধ্য প্রকৃতির নিয়ম মেনেই। এহেন আবহে ঊষা উত্থুপের মুখেও উঠে এল তাঁদের কথা। দেশের জেন-জি’দের প্রতি কী মনোভাবে পদ্মভূষণপ্রাপ্ত এই জনপ্রিয় শিল্পীর? তাঁদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন তিনি? শুনল আজকাল ডট ইন।
সদ্য আজকাল ডট ইন-এর মুখোমুখি হয়েছিলেন ঊষা উত্থুপ। সেই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, কেনিয়ার নিয়ে নানান রঙিন আড্ডা দেওয়ার ফাঁকে তাঁর মুখে উঠে এল জেন-জি’দের কথা। তিনি স্পষ্ট করে জানালেন, কেরিয়ারের দিক থেকে দেখলে এই প্রজন্মে নয় বরং সেকালে জন্মানোটাই তাঁর জন্য একেবারে পারফেক্ট ছিল। কীরকম? সে জবাবও দিয়েছেন তিনি নিজেই – “আগের প্রজন্ম থেকে এই প্রজন্মের সঙ্গে মিশে যাওয়ার সফরটি আমার কাছে আশীর্বাদের মতোই। কারণ সেকাল থেকে একালে...কেরিয়ারের এই লম্বা সময়টা জুড়ে গানে-সুরে অনেক কিছু ট্রাই করতে পেরেছি। আর প্রাসঙ্গিক থাকতে পেরেছি। আমার মনে হয়, প্রাসঙ্গিক থাকাটা ভীষণ জরুরি। তরুণ সমাজের কাছে প্রাসঙ্গিক থাকাটা অত্যন্ত জরুরি।” বলতে বলতে হাসি ফুটে ওঠে তাঁর চোখেমুখে।
সামান্য দম নিতে থামেন বর্ষীয়ান শিল্পী। তারপর জেন-জি’দের তারিফ করে বলে ওঠেন, “আহা! আজকের আমাদের এই তরুণ প্রজন্ম কী দারুণ। আর আমি জানি, আমার প্রতি ওঁদের বিশ্বাস আছে কারণ ওঁদের আমি গভীরভাবে বিশ্বাস করি।শুনে রাখুন, ওঁদের ছাড়া আমরা কিচ্ছু নয়! কিচ্ছু নয়। ওঁদের ছাড়া আমাদের থেকে লাভটাই বা কী? আর জানেন তো, তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখানোর দায় কিন্তু আমাদের উপরেই বর্তায়।”
সব মিলিয়ে, গ্ল্যামার দুনিয়ার এই প্রবীণ শিল্পীর কণ্ঠে জেন-জি’র প্রতি এই অগাধ আস্থা ও ভালোবাসার বার্তা প্রমাণ করে দিল যে, প্রজন্ম বদলালেও তারুণ্যের হাত ধরেই সঙ্গীত ও সংস্কৃতির মেলবন্ধন চিরকাল টিকে থাকে।
















